ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করে ২৭তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ সরকার ও পিএসসির কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
২৭তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া আবুল কালাম মো. তারিত হোসেন খানসহ ৩৩ মুক্তিযোদ্ধার সন্তানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ রোববার এ সংক্রান্ত রুল জারি করে।
সংস্থাপন সচিব, সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, এর সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রককে (ক্যাডার) আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
গত ২৪ সেপ্টেম্বর ২৭ তম বিসিএস পরীক্ষার ফল ঘোষণা করা হয়।
ব্যারিস্টার শফিক আহমেদ রিটকারীর পক্ষে শুনানিতে বলেন, ২৭ তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে শতকরা ৩০ ভাগ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত ছিল। এ কোটা না মানলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
তিনি আরও বলেন, পরীক্ষার বিজ্ঞপ্তির শর্ত ভঙ্গ করে মাত্র ৩৩১ মুক্তিযোদ্ধা সন্তানকে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অথচ এ পরীক্ষায় প্রায় সাড়ে তিন হাজার জন উত্তীর্ণ হয়েছে। এর শতকরা ৩০ ভাগ দাঁড়ায় প্রায় নয়শ জন।
এদিকে, ২৭তম বিসিএসের প্রথম দফায় নির্বাচিত হয়েও পরে বাদ পড়াদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার অনশন কর্মসূচি চলছে। অনশনে চাকরিপ্রার্থীদের পরিবারের অনেক সদস্যও অংশ নিচ্ছেন।
রোববার দুপুরে প্রায় ৪০ জনকে অনশনে অংশ নিতে দেখা যায়।
অনশনকারীরা ২৭তম বিসিএসের প্রথমবারের (বাতিল) ফল পুনর্বহালের পাশাপাশি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের পদত্যাগ দাবি করছেন।
দলীয়করণের অভিযোগে ২৭তম বিসিএস পরীক্ষার প্রথমবারের ফল গত বছর বাতিল করা হয়। পরে নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে নতুন ফল ঘোষণা করে পিএসসি।
গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। আগের ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এর প্রতিবাদ করছে।
প্রথমবার পুলিশ ক্যাডারে নির্বাচিত মো. মহসিন সিকদার রোববার শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, "আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।"
তিনি পিএসসির বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "ড. সা'দত হুসাইনের স্বেচ্ছাচারিতার জন্য আজ সামাজিক ও পারিবারিক জীবনে আমরা চরমভাবে অপমানিত হচ্ছি।"
মুক্তিযোদ্ধা কোটায় প্রথমবারে প্রশাসন ক্যাডারে নির্বাচিত আব্দুল্লাহ আল বাতেন বলেন, "প্রথমবারের ফল পুনর্বহালের জন্য আমরা হাইকোর্টে রিট আবেদন করব।"
পেছনের কথা
২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় পিএসসি। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে তা শেষ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন।
এ নিয়ে আদালতে মামলা চলার পর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেএফ/এসএনডি/এসকে/১৮৫৪ঘ.
bdnews24