রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোর সমাপনী অনুষ্ঠানমালায় সাংস্কৃতিক অনুষ্ঠান না রাখায় সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল ছাত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে।
রোববার এক লিখিত বক্তব্যে সমাপনী ব্যাচের এ ছাত্ররা এ কথা জানায়।
এ ব্যাপারে রাবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক শাহেদ জামান বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে বলেন, "সমাপনী কমিটি নিয়ে কিছু অভিযোগ রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে এ ব্যাপারে বিভিন্ন হল প্রাধ্যক্ষরা ব্যবস্থা নেবেন।"
সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে ওই ছাত্ররা অভিযোগ করেন, ২০০২-০৩ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির আহবায়কসহ সব গুরুত্বপূর্ণ পদে ছাত্রশিবির কর্মীরা দায়িত্বে থাকায় তাদের চাপের মুখে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও হল প্রশাসনের মদদে শিবির আহ্বায়ক কমিটির পদগুলো দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
সমাপনী ব্যাচের শিক্ষার্থী তুহিনুল ইসলাম, কাওসার, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আসাদুর রহমানসহ একাধিক শিক্ষার্থী জানান, অক্টোবরের মাঝামাঝি গোপন ভোটের মাধ্যমে হলে সমাপনী অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত কমিটি গঠনের জন্য সাধারণ শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে লিখিত দাবি জানায়।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন হলের হল প্রাধ্যক্ষরা সমাপনী শিক্ষার্থীদের নিয়ে হলে পৃথক সভা করেন।
সভায় হল প্রাধ্যক্ষরা সাধারণ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নিলে ছাত্রশিবির কর্মীরা তাতে বাধা দেয়। যেসব সাধারণ শিক্ষার্থী কমিটি গঠন নিয়ে ছাত্রশিবিরের বিরুদ্ধে অবস্থান নেয় শিবির কর্মীরা বিভিন্নভাবে তাদের হুমকি দিয়েছে বলে জানান তারা।
এই অবস্থায় নবাব আবদুল লতিফ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া অন্য আটটি হলের কমিটি গঠনের প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়েই ওই হলগুলোর প্রাধ্যক্ষরা শিবিরের নেতাকর্মীদের আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ পদে রেখে কমিটি ঘোষণা করেন।
এর মধ্যে মাদার বখস্ হল কমিটির আহ্বায়ক পদে ওই হলের শিবিরের সভাপতি শাহাবুর রহমান, জোহা হলে শিবিরের রাবি শাখার বায়তুলমাল সম্পাদক মাহবুব, সোহরাওয়ার্দী হলে শিবিরের সাথী আরিফ, জিয়া হলে শিবিরের সাথী আতিক, হবিবুর রহমান হলে শাহরিয়ার, শের-ই-বাংলা ফজলুল হক হলের কমিটিতে রয়েছেন শিবির সভাপতি নাজমুল হাসান।
এ আটটি হলের ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা কমিটি প্রত্যাখান করে সমাপনীতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাত্রশিবিেিরর রাবি শাখার সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট হলের সাধারণ শিক্ষার্থীরা সমাপনী কমিটির আহবায়কসহ অন্য পদে মনোনয়ন দিয়েছে। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের সাংগঠনিক কোন সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৬ ঘ.
bdnews24