ঢাকা, ৩০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজ্ড ডেয়ারি ভেটেরিনারি সার্ভিস প্রকল্পের উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুগ্ধ খামারীদের জন্য চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামী রোববার।
সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রকল্পটির আওতায় কানিহারি ইউনিয়নে এ কর্মশালার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আখতার হোসেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোতাহার হোসেন মন্ডল, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ শহীদ উল্লাহ তালুকদার এবং এ.সি.আই লিঃ এর বিজনেস, লাইভস্টক ও ফিশারিজ ইউনিটের পরিচালক ডা. খন্দকার হেলাল উদ্দিন।
কর্মশালা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধনী অধিবেশন ও শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৭৫৮ঘ.
bdnews24