২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভাস্কর্য রক্ষা আন্দোলন'র পদযাত্রায় পুলিশি বাধা

পুলিশি বাধার মুখে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অভিযুখী পদযাত্রার কর্মসূচি সফল করতে পারেনি 'ভাস্কর্য রক্ষা আন্দোলন'। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি বাধার মুখে বৃহস্পতিবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর অভিযুখী পদযাত্রার কর্মসূচি সফল করতে পারেনি 'ভাস্কর্য রক্ষা আন্দোলন'। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা শুরু হয়। সোয়া ১১টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশ তা আটকে দেয়। পরে সেখানেই সমাবেশ করে আন্দোলকারীরা। মৌলবাদীদের হুমকির মুখে জিয়া বিমানবন্দর চত্বর থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে ওই কর্মসূচি আহ্বান করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী-শিল্পী-সংস্কৃতিকর্মীরা অংশ নেয়। সমাবেশে কর্মসূচি আহ্বানকারীদের অন্যতম সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ বলেন, "সরকার পুলিশ দিয়ে আমাদের কর্মসূচিতে বাধার সৃষ্টি করেছে। আমরা সংঘর্ষে লিপ্ত হলাম না। তবে পাঁচ দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে।" তিনি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে পাঁচ দফা অন্তর্ভুক্ত করার দাবি জানান। ভাস্কর্য রক্ষা আন্দোলনের দাবিগুলো হচ্ছে- মুক্তিযুদ্ধ ও লোকজ সংস্কৃতিকে মূল বিবেচ্য রেখে জিয়া বিমানবন্দর চত্বরে ভাস্কর্য পুনর্র্নিমাণ, মানসম্পন্ন বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ধর্ম নিরপেক্ষ সংস্কৃতির চর্চা নিশ্চিত, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা, যুদ্ধাপরাধীদের বিচার করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া ঢাকা বশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে ছিলেন- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মুনতাসীর মামুন, আনোয়ার হোসেন, হারুন-অর-রশিদ, আআমস আরেফিন সিদ্দিক, আখতারুজ্জামান, আহমেদ কামাল, সাদেকা হালিম, ইসরাফিল শাহীন, সাইফুল ইসলাম খান, মুহম্মদ সামাদ, হাফিজুর রহমান কার্জন, পারভীন হাসান প্রমুখ। এছাড়া মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক একে খন্দকার, সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন পদযাত্রায়। চারুকলা ইনিস্টিটিউটের সামনে সমাবেশে সিরাজুল ইসলাম চৌধুরী ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের উদ্দেশে বলেন, "তারা ধর্মের প্রতি অনুরাগ থেকে নয়, বরং ধর্মকে পুঁজি করে ব্যবসা করার জন্য মানুষের অনুভুতিকে ব্যবহার করে। ক্ষমতার লোভে তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে।" পদযাত্রা শুরুর আগে অপরাজেয় বাংলায় সংক্ষিপ্ত সমাবেশে 'ভাস্কর্য রক্ষা আন্দোলন'র ঘোষণাপত্র পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিককতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস। এতে 'প্রতিবাদে রুখে দাও মৌলবাদী মূর্খতা' স্লোগানে পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। চলতি মাসের মাঝামাঝিতে বিমানবন্দর চত্বরে নির্মাণীধীন বাউল ভাস্কর্যের ওপর হামলা চালায় এক দল মৌলবাদী। তারা দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ভাস্কর্যগুলোও অপসারণের দাবি জানায়। পরে সরকার বিমানবন্দর চত্বরের নির্মাণাধীন ভাস্কর্য সরিয়ে নেয়। মৌলবাদীর চাপে সরকারের 'নতি স্বীকারে' লেখক-শিক্ষক-শিল্পী-শিক্ষার্থীরা তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এমআই/১৩৪৩ ঘ.