ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শনিবার সাংস্কৃতিক সংগঠন উদীচীর সম্মেলনে হামলা চালিয়েছে ছাত্রশিবিরকর্মীরা। তারা ক্যাম্পাসের একটি ভাস্কর্যও ভাংচুর করে। ওই সময় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরনো গ্রন্থাগার ভবনের কাছে উদীচী শিল্পী গোষ্ঠির বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সম্মেলন আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন সিদ্দিকী অনুষ্ঠানটি উদ্বোধন করার কথা ছিল।
এর কিছুক্ষণ আগে সাড়ে ১০টার দিকে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রশিবিরের এক দল কর্মী অনুষ্ঠানস্থলে গেলে উত্তেজনা দেখা দেয়। তখন শিবিরকর্মীরা সম্মেলনস্থলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে।
ওই সময় আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রশিবিরকে প্রতিরোধে এগিয়ে আসে। উভয় সংগঠনের কর্মীরা লাঠি-সোঁটা নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। ছাত্রশিবিরকর্মীরা নতুন প্রশাসনিক ভবনের কাছে স্থাপিত '৭১ এর গণহত্যা' ভাস্কর্যের একাংশ ভেঙে দেয়।
প্রায় ঘণ্টা খানেক সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা শিবিরকর্মীদের তাড়া করলে তারা সদরঘাটের দিকে পালিয়ে যায়।
সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কাজী আসাদ ঘটনাস্থলে আসনে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশকে খবর দেওয়া হয়েছে।"
তবে পুলিশ এলেও তারা নীরব ভূমিকা পালন করে। তবে দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সংঘর্ষের কারণে সদরঘাট-রায়সাবাজার সড়কে গাড়ি চলাচল এবং ওই এলাকার দোকানপাটও বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিজাম, স্বপন মাহমুদ, শ্রাবণ ইসলাম, সাফায়েত হোসেন, রায়হান, বাবর, সাহাদাৎ, আইয়ুব, মানিক, নাইম, সেন্টু ও বুলবুল; ছাত্রশিবিরকর্মী হুমায়ুন কবির, পাভেল ইসলাম, রাসেল, আরিফুর রহমান, ইমদাদ হোসেন ও পাম্পু এস্কান্দার আহত হন।
এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠির রফিকুল ইসলাম ও গোলাম মোস্তফা শিবিরের হামলায় আহত হন।
আহতরা সুমনা ক্লিনিক ও ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী কোনও অপশিক্তিতে ঠাঁই নিতে দেব না। তারা ক্যাম্পাসে এসে প্রতিষ্ঠানে অস্তিতিশীলতা তৈরি করতে চায়। তাই সাধারণ শিক্ষার্থীরাই তাদের প্রতিরোধ করেছে।"
ছাত্রশিবির সভাপতি নিজামুল হক নাঈম বলেন, "ছাত্রলীগকর্মীরা বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালায়। আমরা তা ঠেকানোর চেষ্টা চালিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৫২২ ঘ.
bdnews24