২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রদের দাবির প্রতি সমর্থন ঢাবি'র সাদা দলের শিক্ষকদের

উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি না পড়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবে না-এ নিয়ম প্রত্যাহারে মাদ্রাসার ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজি না পড়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবে না-এ নিয়ম প্রত্যাহারে মাদ্রাসার ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা। তারা বৃহস্পতিবার উপাচার্যের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দেবেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের কলাভবনের শিক্ষক লাউঞ্জে সাদা দলের শিক্ষকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন দলের শিক্ষক নেতা অধ্যাপক মো. আখতার হোসেন। সভা শেষে রাতে আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদ্রাসা ছাত্রদের জন্য কয়েকটি বিভাগে ভর্তির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবি করা হয়েছে সভায়। আমরা (সাদা দল) আগামীকাল দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে এ শর্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করব। এ ব্যাপারে একটি স্মারকলিপিও দেওয়া হবে।" তিনি বলেন, "শর্ত প্রত্যাহার না করলে প্রয়োজনে সাদা দলের শিক্ষকরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নাও নিতে পারেন। তবে এটা চূড়ান্ত হয়নি। উপাচার্যের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" অবশ্য সভায় সাদা দলের শিক্ষকরা উপাচার্যের কার্যালয় ভাঙচুরের নিন্দা করেছেন বলে আখতার হোসেন জানান। অধ্যাপক আমিনুর রহমান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সদরুল আমিন, তাজমেরী এস এ ইসলাম, জাহিদুর রহমান, আব্দুর রশিদ, আসিফ নজরুল সভায় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এই ভর্তির নীতির প্রতিবাদে গত ১৮ সেপ্টেম্বর কিছু ছাত্র শিক্ষার্থী উপাচার্য কার্যালয়ে ভাঙচুর চালায়। 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের বেশি কিছু শিক্ষার্থী একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএ/জেকে/এমএইচবি/২৩৩৩ ঘ.