২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংঘর্ষ: ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ

উপাচার্য অধ্যাপক ড. মমিনুল হকের পদত্যাগকে কেন্দ্র করে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের পর বুধবার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

টাঙ্গাইল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য অধ্যাপক ড. মমিনুল হকের পদত্যাগকে কেন্দ্র করে দু'দল ছাত্রের মধ্যে সংঘর্ষের পর বুধবার মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে টাঙ্গাইল এলাকা থেকে ওই বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার উপাচার্যকে স্মারকলিপি দেয় এবং শনিবার তাকে নিজ কার্যালয়ে ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় বিব্রত উপাচার্য ঢাকায় গিয়ে সরকারের উচ্চপর্যায়ে পদত্যাগপত্র জমা দেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত টাঙ্গাইল এলাকার বাইরের শিক্ষার্থীরা বুধবার সকালে এ ঘটনা জানতে পেরে উপাচার্যের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেন। সে সময় দু'পক্ষের সংঘর্ষে তিন ছাত্র আহত হন। আহতরা হলেন সিপিএস বিভাগের জয়নুল আবেদীন, শফিকুল ইসলাম সুমন ও ইএসআরএম বিভাগের শিমুল রায়। তাদের ক্যাম্পাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক মো. নুরুল ইসলাম মিয়া সাংবাদিকদের জানান, উপাচার্যের পদত্যাগপত্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি ও মিডটার্ম ছুটি হিসেবে ২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।" এদিকে, সকালে সংঘর্ষে জড়িয়ে পড়া দু'পক্ষের শিক্ষার্থীরাই সন্ধ্যায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তারা জানান, ছাত্রছাত্রীরা উপাচার্যের পদত্যাগ চায় না। তাদের অন্দোলন কেবল মাস্টার্স কোর্স চালুর জন্য। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, সিপিএস বিভাগের ফয়সাল হক, মো. মজনু মিয়া, মো. আতিকুর রহমান, ইএসআরএম বিভাগের হৃদয় হাসান, রেজাউল করিম সিদ্দিকী প্রমুখ। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এখন শান্ত। ক্যাম্পাসের বাইরে পুলিশ টহল দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১২৫ ঘ.