২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কারাদেশ নিয়ে জাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মুখোমুখি

যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ছয় শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষক ছানোয়ার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ছয় শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ওই বহিষ্কারাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ডেকেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি দাবিতে বুধবার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এদিকে মঙ্গলবার বিভাগে গিয়ে লাঞ্ছিত ছানোয়ার হোসেন বুধবার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মাফরুহী সাত্তার টিটু ওই সময় তার সঙ্গে ছিলেন। একই সময় ওই বিভাগে ছাত্রদল নেতাকর্মীরাও মহড়া দেয়। নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ছানোয়ার হোসেন মঙ্গলবার নিজ বিভাগে গেলে শিক্ষার্থীরা তাকে লাঞ্ছিত করে। এরপর তার পক্ষ হয়ে ছাত্রদল ও ছাত্রলীগ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ছানোয়ারকে লাঞ্ছিত করার অভিযোগে ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে তিন জন ছানোয়ার হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। ছানোয়ারকে লাঞ্ছিত করার ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৈঠকে বসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় প্রায় ২০০ শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৯ অক্টোবরের মধ্যে সাময়িক বহিষ্কৃত ছয় শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য প্রশাসনকে দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামী রোববার কালোব্যাজ ধারনের সিদ্ধান্ত হয়। সভা শেষে সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, "আমরা আগামী ২৯ অক্টোবরের মধ্যে তদন্ত সাপেক্ষে ছানোয়ার হোসেনকে লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানাচ্ছি। তা না হলে ৩০ তারিখ থেকে কর্মবিরতি পালন করব। এছাড়া রোববার কালোব্যাজ ধারণ করব আমরা।" বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট দুপুরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। পরে তারা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামানের কাছে স্মারকলিপি দেয়। জোটের অন্যতম সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম শুভ সাংবাদিকদের বলেন, "মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রগতিশীল ছাত্র জোটসহ শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, আমরা তার শাস্তি দাবি করছি। এই দাবিতে ভারপ্রাপ্ত উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছে।" এদিকে সকাল ১০টার দিকে ছানোয়ার হোসেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে যান। ওই সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মাফরুহী সাত্তার টিটু এবং বিশ্ববিদালয়ের নিরাপত্তা কর্মকর্তা আব্দুল হামিদ। ভারপ্রাপ্ত প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তা ভবনের নিচে থাকেন। ছানোয়ার হোসেন একাই বিভাগে তার কক্ষে ঢোকেন। কিছু সময় পর বেরিয়ে আসেন তিনি। ওই সময় নাট্যতত্ত্বের কোনও শিক্ষক কিংবা শিক্ষার্থীকে বিভাগে দেখা যায়নি। তবে ছাত্রদলের এক দল নেতা-কর্মী ওই সময় ওই ভবনে মহড়া দেয়। ছানোয়ারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করে। 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এ ব্যানারে শিক্ষার্থীরা ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ আহ্বান করেছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেবে বলে তারা জানান। সংবাদ সম্মেলনে বহিষ্কৃত শিক্ষার্থী চিন্ময় গুপ্ত চিন্ময় বলেন, "একজন নিপীড়ককে বিতাড়িত করার চেষ্টা করেছিলাম আমরা। সিন্ডিকেট বিতর্কিত সিদ্ধন্তে ছানোয়ার হোসেনকে অভিযোগ অব্যাহতি দিলেও আমাদের চোখে তিনি অপরাধী। আর একজন অপরাধীকে শিক্ষকের আসন দেওয়া যায় না।" মঙ্গলবারের ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে ছানোয়ার দলীয় সন্ত্রাসীদের নিয়ে সেদিন নাট্যতত্ত্ব বিভাগে আসে। ওই সময় আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করি। তখন ছানোয়ারের সঙ্গে আসা সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালায়। তারা বিভাগের বিভিন্ন কক্ষও ভাংচুর করে।" চিন্ময় বলেন, "যৌন নিপীড়ক শিক্ষকের অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডেকে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করলো। কোনও তদন্ত হলো না। অথচ ছানোয়ারের বিরুদ্ধে চার ছাত্রী লিখিত অভিযোগ করার নানা টালবাহানা করেছিল প্রশাসন। তদন্ত কমিটি করেছিল দুই মাস পরে। তারপর সিন্ডিকেট সভাও ডাকছিল না। সিন্ডিকেট সভা ডাকার দাবিতে আমাদের অনশনেও যেতে হয়েছিল। এতে প্রমাণিত হয়, প্রশাসন আগে থেকেই ছানোয়ারকে রক্ষা করতে চেয়েছিল।" অন্য পাঁচ বহিষ্কৃত শিক্ষার্থী অনিক, রুমন, পুতুল, দিপ্তী ও সিমুও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বহিষ্কারাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর কথাও জানিয়েছেন অনিক। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চার ছাত্রী বিভাগীয় সভাপতি ছানোয়ারের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করে। পরদিন থেকেই বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ী বরখাস্তের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। পরে অন্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' এই ব্যানারে আন্দোলন চলে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে। গত ১৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটে তোলা হয়। কিন্তু সিন্ডিকেট ছানোয়ার হোসেনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তখন সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা ছানোয়ার হোসেনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। এর আগে ২০০৬ এবং ২০০৭ সালে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের দুই জন শিক্ষককে বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এমআই/১৯০০ ঘ.