বগুড়া, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় সরকারি আযিযুল হক কলেজে সোমবার ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
ছাত্রদল দাবি করেছে সংঘর্ষে তাদের পাঁচ কর্মী আহত হয়েছেন। অপর দিকে ছাত্রলীগের দাবি, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন সংগঠনের কলেজ শাখার আহ্বায়কসহ ১২জন।
আহতদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংগঠন দুটি দাবি করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।
তবে এতে কেউ আহত হয়নি বলে তিনি দাবি করেন।
ওসি আহসান হাবিব জানান, দুপুর ৩টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ছাত্রদল কলেজ শাখার সভাপতি জোবায়দুল ইসলাম রিটন জানান, বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় রোববার রাতে ছাত্রলীগ কর্মী তানভীর ইসলাম মিলন ছাত্রদল কর্মী এরশাদকে মারধর করেন।
মিলন আযিযুল হক কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। অন্যদিকে এরশাদ সমাজ কর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই দিনের মারধরের ঘটনায় সোমবার সকালে ক্যাম্পাসে মিলনকে চড় থাপ্পর মারেন এরশাদ।
সকাল ১১ টার দিকে ছাত্রলীগ কর্মীরা ধারাল অস্ত্র নিয়ে ছাত্রদল কর্র্মীদের ওপর হামলা চালালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
লিটন দাবি করেন, ছাত্রলীগ কর্মীদের ধারাল অস্ত্রের আঘাতে ছাত্রদল কর্মী নাহিদ, আবু ওয়াসিম রানা, রঞ্জুসহ পাঁচজন আহত হয়েছেন।
ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মী মিলনের ওপর হামলা চালায় ছাত্রদল কর্মী এরশাদ। ছাত্রলীগ কর্মীসহ বিক্ষুদ্ধ ছাত্ররা ছাত্রদল কর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেয়।
তিনি দাবি করেন, এ সময় পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুর নবী রাসেল, মিলন, আব্দুস ছাত্তার, সাইদ লেলিন, জুলফিকার নাইন, আবু সেলিম, সাজ্জাদ রহমান নূর, কনক অধিকারী ছোটন, জাহেদুর রহমান, আবুল বাকী, আকতারুজ্জামান রতন ও আবুল কালাম আহত হয়েছেন।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মাদ সুলতান আলী জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কোন রাজনৈতিক ইস্যুতে হয়নি। এ ঘটনায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠানে কোন প্রভাবও পড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24