ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সোমবার বিএনপি সমর্থিত ছাত্রদল, আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ আর পুলিশের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোতয়ালী থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুল হান্নান, সিপাহী মামুন, রশিদ ও সুমন। তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল কর্মীরা হলেন- মামুনুর রহমান, আরিফুল ইসলাম, জসীম আহমেদ, সুমন রেজা, তৌফিক ইসলাম ও এলিনুর রহমান।
আহত ছাত্রলীগ কর্মীরা হলেন- মইনুল হোসেন, আরিফুর রহমান, ফারুক আহমেদ, শিরম্বর রায় ও কাওছার আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ক্যাম্পাসে দুদলই অবস্থান করছিল। দুপুর পৌণে একটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে কলাভবনের সামনে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় পুলিশ এসে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এরপর দুদল একসাথে পুলিশকে আক্রমণ করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে।
তাদের আক্রমণে পুলিশ পিছু হটলে উভয় দলের কর্মীরা বিজ্ঞান ভবন, উপাচার্য ও প্রক্টরের অফিসে ভাঙচুর করে। ছাত্রদল ও ছাত্রলীগের দাবি- ক্যাম্পাসে পুলিশ থাকা যাবেনা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান এবং ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এস আই হান্নান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের কর্তব্য হল শান্তি শৃঙ্খলা রক্ষা করা। সংঘর্ষের সময় সে কর্তব্যই আমরা পালন করেছি।"
ছাত্রদলের জবি শাখার সভাপতি এ বি এম পারভেজ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন ধরণের উস্কানি ছাড়াই ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। তবে পুলিশের বাড়াবাড়িতে এ ঘটনা আরও তীব্র আকার ধারণ করে।"
ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, "প্রতিদিনের মতই আজকেও (সোমবার) আমরা ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড চালাচ্ছিলাম। ছাত্রদল এতে বাধা দিলে আমরা তা প্রতিহত করি। ক্যাম্পাসে পুলিশের বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়।"
এ বিষয়ে প্রক্টর জানান, "আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্যও আমরা প্রস্তুত রয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৬২৫ ঘ.
bdnews24