টাঙ্গাইল, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের দুটি বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে রোববার শিক্ষার্থীরা উপাচার্যকে তার কার্যালয়ে অবরোধ করে রাখে।
পরে রাত পৌনে ৯টায় উপাচার্য আগামী পাঁচ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা করে দুটি বিভাগে মাস্টার্স কোর্স চালুর আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
লাইফ সায়েন্স অনুষদের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) ও ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগে মাস্টার্স কোর্স চালুর দাবিতে রোববার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যকে তার কার্যালয়ে অবরোধ করে রাখে।
বিকেলের দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের পানি, বিদ্যুত ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। এ অবস্থায় উপাচার্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলা রঞ্জন দাস ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে জানান, রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপারের সঙ্গে বৈঠক শেষে উপাচার্য আগামী পাঁচ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা করে মাস্টার্স চালুর আশ্বাস দিয়েছেন।
বিকেলে উপাচার্য ড. মো. মনিমুল হক ফোনে বলেন, "মাস্টার্স খোলার ব্যাপারে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছাত্র-ছাত্রীদের জানিয়েছি।"
সিপিএস বিভাগের ছাত্র আতিকুর রহমান জানান, দু'টি বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষা আগামী বছর জানুয়ারিতে শেষ হবে। কিন্তু মাস্টার্স চালুর কোন উদ্যোগ কর্তৃপক্ষ নেননি। এই দুটি বিভাগ দেশের কোন বিশ্ববিদ্যালয়ে নেই। সে জন্য ছাত্র ছাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
তিনি জানান, একই দাবিতে শিক্ষার্থীরা শনিবার স্মারকলিপি দিয়েছিল। রোববার একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে বৈঠক না হওয়ায় ছাত্র ছাত্রীরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ করে এবং উপাচার্যের কার্যালয় অবরোধ ও তালা লাগিয়ে দেয়।
শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের পানি, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলেও আতিকুর রহমান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নুরুল ইসলাম মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের চেয়ারম্যানদের নিয়ে উপাচার্য বৈঠক করেছেন। কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলের তিনজন সদস্য না আসায় বৈঠক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.
bdnews24