২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, ভর্তি ফর্ম বিক্রি বন্ধ

ভর্তি নীতির পরিবর্তন এবং বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম বিক্রি বন্ধ রয়েছে। উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজী পড়েনি এমন ছাত্ররা কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবেনা-এ নিয়মের প্রতিবাদ করে সকাল পৌণে নয়টায় 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী ভর্তির শর্ত শিথিলের দাবিতে কলাভবন থেকে মিছিল বের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 07:49 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তি নীতির পরিবর্তন এবং বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম বিক্রি বন্ধ রয়েছে। উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজী পড়েনি এমন ছাত্ররা কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবেনা-এ নিয়মের প্রতিবাদ করে সকাল পৌণে নয়টায় 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী ভর্তির শর্ত শিথিলের দাবিতে কলাভবন থেকে মিছিল বের করে। মিছিল নিয়ে নিয়ে টিএসসিতে অবস্থিত জনতা ব্যাংকের সামনে এসে তারা সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ প্রথমে নিষেধ করে। পরে তারা আবারও জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে দুজন হলেন ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র জামালউদ্দীন এবং আরবী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবির হোসেন। এ ঘটনার পরই টিএসসির গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ'র ব্যানারে শিক্ষার্থীরা অপারাজেয় বাংলার সামনে এসে সমাবেশ করে বিভিন্ন বিভাগে ভর্তির জন্য যে শর্ত রয়েছে তা প্রত্যাহার করে ফর্ম বিক্রির দাবি জানায়। এদিকে ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে পৌনে ১০টার দিকে প্রগতিশীল ছাত্রজোট মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে চানখারপুল পর্যন্ত যায়। এরপর সকাল ১০টায় তারা টিএসসিতে এসে পুলিশকে ধাক্কা দিয়ে টিএসসি গেট খুলতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে করে তিনজন আহত হয়। এরা হলেন- ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিপ্লব মন্ডল, ছাত্র ফেডারেশনের শরফুদ্দিন শম্মু এবং ছাত্রঐক্য ফোরামের সদস্য সোহান রায়হান। এদের মধ্যে বিপ্লব মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর থেকেই প্রগতিশীল ছাত্রজোট জনতা ব্যাংক অবরোধ করে রাখে। বর্ধিত মূল্য প্রত্যাহার না করা পর্যন্ত ফর্ম বিক্রি করতে দেবে না বলেও জানায় তারা। ফলে সকাল থেকে ফর্ম বিক্রি হলেও অবরোধের মুখে খ ও ঘ ইউনিটের ফর্ম বিক্রয় বন্ধ হয়ে যায়। এদিকে পুলিশের ধাওয়ায় ফর্ম কিনতে আসা ভর্তিচ্ছু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে একজন হল সাবরিনা সুলতানা। অন্যদের পরিচয় জানা যায়নি। বেলা পৌণে ১২টার দিকে 'ভর্তিচ্ছু শিক্ষার্থী সংগ্রাম পরিষদের ব্যনারে' ভর্তিচ্ছু ১৫/২০ জন ছাত্র ক্যাম্পাসে মানববন্ধন করে। তাদের দাবি হল- ভর্তি ফর্মের বর্ধিতমূল্য প্রত্যাহার, প্রতিটি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ভর্তি সংকট নিরসন। ভর্তি ফর্ম কিনতে এসে মানববন্ধন করার কারণ জানতে চাইলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে জয়শ্রী রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বেশ কিছু শিক্ষার্থী গতকালই (শনিবার) বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করতে চাইলেও পারিনি। আজকে (রোববার) মানববন্ধন করছি।" বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে তারা ফর্ম কিনবেন না বল্যে জয়শ্রী জানান। তার মতে, "পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বাড়তি মূল্য নির্ধারণ করেছে, তা নিজেদের জন্যই খরচ করবে। এর কোন হিসাবই থাকবেনা।" এ মূল্যবৃদ্ধিকে তারা নীতিগত ও যৌক্তিক মনে করছেন না। এদিকে সকাল থেকে কার্জন হলে ক ইউনিটের ফর্ম বিক্রি হলেও দুপুর সোয়া ১২টা থেকে প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায়। ভর্তি ফর্ম কিনতে সাভার থেকে আসা শিক্ষার্থী মাসুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফর্মের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। আর যারা দূর থেকে আসছে তাদের যাতায়াত ভাড়াই অনেক যাচ্ছে। আজকে ফর্ম না কিনে ফেরত গেলে এরপরদিন এলে আবারও যাতায়াত ভাড়া যাবে বেশ।" তাই তিনি রোববারই ফর্ম কিনতে আগ্রহী। তিনি আরো বলেন,"সকাল থেকে তো ঠিকই ফর্ম বিক্রি হয়েছে। সেসব র্ফম তো আর ফেরত নেওয়া হবেনা।" এদিকে বিশ্ববিদ্যালয়ের এ পরিস্থিতিতে উপাচার্য, প্রক্টর এবং প্রক্টরিয়াল বডি এক জরুরি সভায় বসেছেন বলে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এফএফ/জিএনএ/১৩৩৬ ঘ.