ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও পূজার ছুটি শেষে প্রায় এক মাস পর শনিবার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ক্লাস ও পরীক্ষা শুরুর পাশাপাশি ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিক্রিও শুরু হয়েছে এদিন।
আবেদনপত্র সংগ্রহ করতে শনিবার সকাল থেকে ব্যাংকগুলোতে ছিল ভর্তিচ্ছুদের ভিড়।
'ক' ইউনিটের (বিজ্ঞান) আবেদনপত্র পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অগ্রণী ব্যাংকে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) জনতা ব্যাংকে 'খ' (কলা) ও 'ঘ' (বিভাগ পরিবর্তন) ইউনিট এবং প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংকে 'গ' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) আবেদনপত্র পাওয়া যাচ্ছে।
এবার ভর্তি পরীক্ষার আবেদনপত্রের দাম রাখা হয়েছে ৩০০ টাকা।
১৪ নভেম্বর 'গ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
রোজা, ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমআই/১২০৩ ঘ.
bdnews24