২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবির ছাত্রী হলে ১৩ শিক্ষক অবরুদ্ধ, ভোরে মুক্তি

এক সিটে একজন থাকার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা সোমবার সারারাত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোষ্ট কাউন্সিলের আহ্বায়ক, দুই প্রভোস্টসহ ১৩ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ময়মনসিংহ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সিটে একজন থাকার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রীরা সোমবার সারারাত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোষ্ট কাউন্সিলের আহ্বায়ক, দুই প্রভোস্টসহ ১৩ শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। মঙ্গলবার ভোরে শিক্ষক সমিতির নেতাদের চেষ্টায় অবরুদ্ধ শিক্ষকরা মুক্তি পান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, তিনটি ছাত্রী হলের এক হাজার সিট রয়েছে। নতুন শিক্ষাবর্ষে ৩২০ জন ছাত্রী ভর্তি হবে। অথচ সিট খালি রয়েছে মাত্র ৯৮টি। এমতাবস্থায় প্রশাসন প্রতি নতুন সিটে দুজন করে নতুন ছাত্রী থাকার ব্যবস্থা করা হয়। কিন্ত ছাত্রীরা তাদের একসিটে একজন দাবিতে অনড় থাকে। এই দাবিতে তারা গত শনিবার রাতে সুলতান রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. এম এ সামাদ খান ও চার আবাসিক শিক্ষককে অবরুদ্ধ করে। তারা আবাসন সংকট নিরসনের দাবিসহ বেশ কয়েকটি ইস্যুতে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে লিখিত সম্মতি আদায় করে নেয়। রোববার রাতে আবারও ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হল প্রভোস্ট ও আবাসিক শিক্ষক ও প্রক্টরের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শিক্ষকরা ছাত্রীদের নমনীয় করার চেষ্টা করলে প্রশাসনের আগের সমাধানের সব চেষ্টা বিফলে যায়। পরবর্তী সময়ে প্রশাসন আবারও সোমবার সন্ধ্যা তাপসী রাবেয়া হলের কমনরুমে ছাত্রীদের সঙ্গে একটি বৈঠক করে। কিন্তু বৈঠকে কোন ফলপ্রসু আলোচনা হয়নি। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে বৈঠকে উপস্থিত দুই হলের ছাত্রীরা হলের কলাপসিবল গেটে তালা দেয় এবং উপাচার্যের উপস্থিতি ও হস্তক্ষেপ কামনা করে। এসময় ছাত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক নাজমুল হাছান, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. রেজাউল করিম, প্রক্টর হারুন-অর-রশিদ, সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এম এ সামাদ খান, তাপসী রাবেয়া হলের প্রভোস্ট শহীদুল হক চৌধুরী, প্রবীণ শিক্ষক অধ্যাপক সাইদুল হক চৌধুরীসহ ১৩ জন শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্রীরা সাংবাদিকদের জানান, শিক্ষকরা এর আগে তাদের দাবি মেনে দাবিনামায় স্বাক্ষর করলেও তা নিয়ে টালবাহানা শুরু করে। এবার কোন শিক্ষক নয় স্বয়ং উপাচার্যকে এসে কথা দিতে হবে। সোমবার রাত পৌঁনে ৪টায় উপাচার্যের বাসভবন থেকে শিক্ষক সমিতির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও এক সদস্য তাপসী রাবেয়া হলে এসে ছাত্রীদের সব দাবি মেনে নেয়া হবে এবং আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে প্রতিহিংসামূলক কোন ব্যবস্থা নেওয়া হবে না- এই আশ্বাস দেওয়ার পর ছাত্রীরা অবরোধ তুলে নিতে সম্মত হয়। প্রায় সাড়ে ৭ ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর ভোর ৫টায় অবরুদ্ধ ১৩ শিক্ষক হল থেকে বেরিয়ে আসেন। শিক্ষকরা সেখান থেকে সরাসরি উপাচার্য বাসভবনে গিয়ে বৈঠক করেন। মঙ্গলবার বিকেলে প্রশাসন সিন্ডিকেট সভা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/এমএআর/এমএসবি/২১৪১ ঘ.