ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে তারা মিছিল করে।
সকাল ১১টায় অপরাজেয় বাংলার সামনে থেকে তিন শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে। বাণিজ্য অনুষদ ও কার্জন হল থেকে দুটি মিছিল পরে তাদের সঙ্গে যোগ দেয়। শিক্ষার্থীরা কলাভবনের সামনে বটতলায় মানববন্ধনও করে।
মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে, বিভিন্ন ধরনের কোটার জন্য মেধাবী অনেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বাদ পড়ছে।
মিছিল ও মানববন্ধনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী কে এম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত কোটার পরিমাণ বেশি। এখানে ৫৫ শতাংশ কোটা রাখা হয়েছে। এর পরিমাণ বড়জোড় ২৫ শতাংশ করা যেতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমআই/১৯৪২ ঘ.
bdnews24