২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় অপ্রীতিকর কিছু ঘটেনি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কয়েকটি পরীক্ষার কেন্দ্র ঘুরে কোথাও কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী নিলুফার ইয়াসমিন পরীক্ষা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) প্রশ্ন ফাঁসের যে অভিযোগ এবং প্রশ্নের নমুনার কথা শুনেছি পরীক্ষা দিয়ে তার কোন প্রমাণ পাইনি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কয়েকটি পরীক্ষার কেন্দ্র ঘুরে কোথাও কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী নিলুফার ইয়াসমিন পরীক্ষা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) প্রশ্ন ফাঁসের যে অভিযোগ এবং প্রশ্নের নমুনার কথা শুনেছি পরীক্ষা দিয়ে তার কোন প্রমাণ পাইনি।" তবে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের ছাত্রী নুশরাত আফরিন প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ শুনেছেন আজকের প্রশ্নের সঙ্গে কিছুটা মিল পেয়েছেন বলে জানান। তিনি বলেন, "প্রশ্নপত্রে যে প্রশ্নের কথা শুনেছি কয়েকটি জায়গায় মিল পেয়েছি।" ইডেনের গণিতের ছাত্রী পারভিন সুলতানা বলেন, "প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সঙ্গে আজ কোন মিল পাইনি।" তিতুমির কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র ইয়াকুব হোসেন বলেন, "পরীক্ষা ভাল হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ শুনেছি আজ তার প্রমাণ পাইনি।" জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক-পূর্ব স্কুল (অনার্স) এর ডিন ড. ফকির রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (সোমবার) প্রশ্নফাঁসের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশ্নপত্র যে ফাঁস হয়নি আজ পরীক্ষার মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।" বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এর ডিন মোহম্মদ বিন কাশেম বলেন, "একটি মহল ষড়যন্ত্র করে গতকাল প্রশ্নফাঁসের অভিযোগ তুলেছিল। কিন্তু তারা সফল হয়নি। আজ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।" সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আব্যশিক) পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরীক্ষার প্রশ্নপত্রের হাতে লেখা কপি রাজধানী ছাড়াও গাজীপুর ও জামালপুরের বিভিন্ন ফটোকপির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে জামালপুরে একজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে। মঙ্গলবার এবং বুধবারের পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এর আগে গত ১১ নভেম্বর পরীক্ষা নেয়ার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরীক্ষাটি বাতিল করা হয়। ১২ জানুয়ারি আবার পরীক্ষা নেয়ার তারিখ দেয়া হলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের রাতেই পরীক্ষাটি স্থগিত করা হয়। প্রশ্নপত্র আবার ফাঁস হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে রাস্তায় নেমে আসে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/আরএ/জিএনএ/১৪০০ ঘ.