ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আব্যশিক) পরীক্ষার প্রশ্নপত্র আবারো ফাঁসের অভিযোগ উঠেছে। মঙ্গলবার অনুষ্ঠেয় এ পরীক্ষার প্রশ্নপত্রের হাতে লেখা কপি রাজধানী ছাড়াও গাজীপুর ও জামালপুরের বিভিন্ন ফটোকপির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জামালপুরে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথিত প্রশ্নপত্রের হাতে লেখা কপি সংগ্রহ করেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও অস্বীকার করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১১ নভেম্বর পরীক্ষা নেয়ার পর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হওয়ায় পরীক্ষাটি বাতিল করা হয়। ১২ জানুয়ারি আবার পরীক্ষা নেয়ার তারিখ দেয়া হলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে আগের রাতেই পরীক্ষাটি স্থগিত করা হয়।
প্রশ্নপত্র আবার ফাঁস হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে রাস্তায় নেমে আসে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের ছাত্র ইমরান হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলের দিকে ইংরেজি প্রশ্নপত্রের কথিত অনুলিপি কলেজের বিভিন্ন হলে ছড়িয়ে পড়ে। রাত পৌনে আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা দলবেঁধে রাস্তায় নেমে আসে। তারা কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ রাশিদুল হাসানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। পরে রাত সাড়ে নয়টার দিকে পুলিশের অনুরোধে তারা হলে ফিরে যায়।
ইমরান বলেন, "আমরা আর এ বিষয়ে পরীক্ষা দিতে চাই না। আগের বাতিল করা পরীক্ষাটিকে বৈধতা দিয়ে সবাইকে ৪৫ শতাংশ নম্বর দেওয়া হোক।"
ইডেন কলেজের ছাত্রীরাও রাত সাড়ে সাতটার দিকে রাস্তায় নেমে আসে। তারা নীলক্ষেত থেকে আজিমপুর মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা উপাচার্যের পদত্যাগসহ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করে।
ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন জানান, তারা মঙ্গলবারের পরীক্ষায় কোনোভাবেই অংশ নেবেন না।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আজিমপুর র্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় আসাদগেট থেকে শুরু করে পুরো মিরপুর সড়কে যানজট সৃষ্টি হয়। নিউমার্কেট এলাকার ব্যাবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক হাবিবুল ইসলাম বলেন, "পৌনে আটটার দিকে ছাত্ররা রাস্তায় নেমে আসে। তবে কোনো অঘটন ঘটেনি।"
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যার পর ঢাকা কলেজ ও ইডেন কলেজ এলাকায় যান।
প্রতিনিধি দলের সদস্য ড. ফকির রফিকুল আলম ও মোহাম্মদ বিন কাশেম বলেন, "প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামীকালের (মঙ্গলবার) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।"
রাজধানী ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি জানান, রোববার রাতেই কয়েকজন পরীক্ষার্থী সাংবাদিকদের ফোনে জানায়, জয়দেবপুর চৌরাস্তায় কয়েকটি ফটোকপির দোকানে দুইশ' টাকায় হাতে লেখা প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। সোমবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থীরাও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ জানায়। ওই দুই কলেজে গিয়ে অনেক পরীক্ষার্থীর কাছে হাতে লেখা কথিত প্রশ্নপত্রের অনুলিপি দেখেছেন আমাদের প্রতিনিধি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সাহাবউদ্দিন আহম্মেদ এ বিষয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ঢাকা কলেজ, ইডেন কলেজ ও তিতুমীর কলেজ থেকে কথিত প্রশ্নপত্রের নমুনা সংগ্রহ করেছে। তবে সেগুলো সঠিক হওয়ার কথা নয়, কারণ বর্তমান ব্যবস্থায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগই নেই।"
তবে হাতে লেখা কথিত প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল আছে কি না তা যাচাই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি জানান, সোমবার রাত আটটার দিকে ইংরেজি পরীক্ষার কথিত প্রশ্নপত্র বিক্রির সময় শহরের একটি ফটোকপির দোকান থেকে রিপন (২৬) নামের এক যুবকে আটক করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, রিপনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এএনএস/একেএম/জিএমএ/জেকে/এমএইচবি/২৩০১ ঘ.
bdnews24