ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার পর আগস্ট মামলায় সাজা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাদের সঙ্গে একই মামলায় খালাস পাওয়া আরেক শিক্ষক ড. নিমচন্দ্র ভৌমিকও মুক্তি পেয়েছেন।
এছাড়া, আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ১০টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "বাকি কোনো মামলা থাকলে তা পর্যায়ক্রমে দেখা হবে।"
মঙ্গলবার বিকেল ৫ টা ১৮ মিনিটে চার শিক্ষক ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসেন। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও শিক্ষার্থীরা তাদের স্বাগত জানান। (সমন্বিত)
কারা উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এইমাত্র শিক্ষকদের মুক্তি দেওয়া হয়েছে। তবে আদালতের কাগজপত্র না আসায় আটক ছাত্ররা এখনই ছাড়া পাচ্ছে না।"
মঙ্গলবার রাতে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, 'রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সদয় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের সকল কারাদণ্ড মওকুফ করেছেন।'
কারাগারের ফটক থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক লিটন হায়দার জানান, মুক্তি পাওয়ার পর প্রথমে ফটকের বাইরে আসেন ড. নিমচন্দ্র ভৌমিক। এরপর একে এক আরও তিন শিক্ষক বের হয়ে আসেন। এ সময় হাজার হাজার মানুষ ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। প্রচণ্ড ভিড়ের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। কারাগার থেকে বের হয়ে চার শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন।
কারাগার থেকে বের হওয়ার আগে ড. আনোয়ার হোসেন কারা কর্তৃপক্ষকে বলেন, আটক শিক্ষার্থীরা মুক্ত না হলে তিনি বাইরে যাবেন না। কারা উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী এ সময় শিক্ষার্থীদের দ্রুত ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে তিনি কারাগারের বাইরে যেতে সম্মত হন।
চার শিক্ষক কারা ফটক থেকে হেঁটে সন্ধ্যা পৌনে ৬টায় শহীদ মিনারে পৌঁছান। এরপর তারা সেখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সহকর্মী ও শিক্ষার্থীরা এ সময় তাদের ফুলের মালা পড়িয়ে দেন। অনেক শিক্ষার্থীকে তাদের দিকে ফুলের পাপড়ি ছুড়তে দেখা যায়।
শহীদ মিনারের পাদদেশে সমবেতদের উদ্দেশে ড. আনোয়ার হোসেন বলেন, "আটক শিক্ষার্থীদের বাদ দিয়ে আমি জেল থেকে বেরোতে চাইনি। জেল কর্তৃপক্ষ আমাকে জেলকোড অনুযায়ী জোর করে বের করে দিতে চেয়েছে। এরপর তারা আমাকে জানায় প্রত্যেক শিক্ষার্থীকে আগামীকালের (বুধবার) মধ্যেই মুক্তি দেওয়া হবে।"
তিনি বলেন, "বিবেকের কণ্ঠ কখনও রোধ করা যায় না। কেউ আমাদের মুখ বন্ধ করতে পারবে না। আগামীকাল আমরা অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সংহতি সমাবেশে যোগ দেব। সেখানে আমাদের নির্যাতনের চিত্র জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরব।"
আটকাবস্থায় ধৈর্য ও সাহস যোগানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "আমরা অন্যায় করিনি, শিক্ষকের নৈতিক কর্তব্যের কারণেই আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের জামিনের কথা বলা হয়েছিল। কিন্তু রাজি হইনি। যে কোনো অন্যায় নিপীড়নের বিরুদ্ধে আমরা বারবার কথা বলব।"
তিনি বলেন, "তারা ভেবেছিল সব পারে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, সেটা আবারও প্রমাণিত হয়েছে।"
অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, "অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভবিষ্যতেও করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।"
সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক সদরুল আমিন বলেন, "ছাত্র-শিক্ষকরা ন্যায়ের পক্ষের শক্তি, এটা আবার প্রমাণ হয়েছে। সরকার কয়েকবার আমাদের মুক্ত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এটা আমাদের সঙ্গে তারা প্রহসন করেছে।"
তিনি বলেন, "আমরা কেউ কারও প্রতিপক্ষ নই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী-ছাত্র-শিক্ষক সবাই একরকম।"
এর আগে আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় সারাদেশে দায়ের হওয়া ১০টি মামলা প্রত্যাহার করে সরকার। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তিন শিক্ষককে ক্ষমা ঘোষণার ফাইলে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. কাজী আমিনুল ইসলাম বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন. "আগস্টের ঘটনায় সারাদেশে ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে ১০ টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, তিন শিক্ষককে ক্ষমা ঘোষণার ফাইলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। সাজা পাওয়া শিক্ষকরা চাকরিতে বহাল থাকতে পারবেন।"
অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বলেন, "ঢাকা মহানগর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকার সাভার ও আশুলিয়া এলাকার ১০টি মামলায় সরকার প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে।"
মামলা ১০টি হলো- চট্টগ্রামের হাটহাজারি থানায় ২০০৭ এর ২৬ আগস্ট দায়ের করা ২৩ নম্বর মামলা, ২০০৭ এর ৫ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় করা ২৪ নম্বর মামলা, ২১ ও ২২ আগস্ট আশুলিয়া থানায় ৭৬ ও ৮১ নম্বর মামলা, সাভার থানায় ২৩ আগস্ট ৫৯ ও ৬০ নম্বর মামলা, ২২ আগস্ট ডিএমপি কোতোয়ালি থানার ৬০ নম্বর মামলা, ২২ আগস্ট ডিএমপি মিরপুর থানায় ৮৬ ও ৮৭ নম্বর মামলা এবং ময়মনসিংহ কোতোয়ালি থানায় ২৩ আগস্ট দায়ের করা ৭০ নম্বর মামলা।
শিক্ষকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ফলে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা একটি মামলার রায়ে মঙ্গলবার কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়।
খালাস পাওয়া শিক্ষার্থীরা হলেন, মনিরুজ্জামান সর্দার রুবেল, রিফাত হোসেন জিকু, মো. নজরুল ইসলাম রাসেল, মো. সামসুল কবির রাহাত, মিতুল, রোকনুজ্জামান তালুকদার, তানজিন চৌধুরী লিলি, অপর্ণা পাল, শাহনূর নার্গিস, মো. কামরুজ্জামান, আনোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, এইচ এস কামরুল হাসান কচি ও আজিজ হাসান।
ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন। মামলায় সাজা পাওয়া তিন শিক্ষক রাষ্ট্রপতির ক্ষমার আওতায় এসেছেন।
শাহবাগ থানায় করা ৫৪ নম্বর এই মামলার যুক্তিতর্ক গ্রহণ শেষে সোমবার ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শওকত আহমেদ গত ২৩ আগস্ট মামলাটি দায়ের করেন।
রায় ঘোষণার পর বেলা ১২ টার দিকে সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষকদের ক্ষমা ঘোষণা সংক্রান্ত ফাইল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. কাজী আমিনুল ইসলাম রাষ্ট্রপতির কাছে এই ফাইল নিয়ে যাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার থেকেই তৈরি ছিল।
মঙ্গলবার রায় দেওয়ার পর ড. আনোয়ার হোসেনের ছেলে সঞ্জীব হোসেন সাংবাদিকদের বলেন, "যতদিন পর্যন্ত এই মামলার সবাই মুক্তি না পাবেন ততদিন আমার বাবা জেল থেকে বের হবেন না। আমার বাবা সরকারের কাছে কোনো ক্ষমাও প্রার্থনা করবেন না।"
রায়ের পর ড. আনোয়ার হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "আমাদের চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে নয়, সব শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায়, জাতির বিবেকের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।"
রায়ের পর আটককৃতদের আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবদের বিমর্ষ দেখা যায়।
এর আগে সোমবার আরেকটি মামলার রায়ে বেকসুর খালাস পান কারাবন্দি ওই চার শিক্ষক ও ১১ শিক্ষার্থী। পাশাপাশি চার 'পলাতক' ছাত্রের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে পরে রাষ্ট্রপতি তাদের সাজা মওকুফ করে দেন।
জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে গত ১১ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে ও কুশপুত্তলিকা দাহ করে অপরাধ করেছেন।
২৩ আগস্ট রাতে যৌথ বাহিনীর সদস্যরা অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে। পরে সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়।
সোমবার ছাত্র বিক্ষোভের মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দণ্ড মওকুফ করে দেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। রাষ্ট্রপতির সাজা মওকুফের পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্র ও একজন কর্মচারীকে সন্ধ্যায় রাজশাহী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের একটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয় সেদিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এলএইচ/জিএমএ/জেএফ/একেএম/এসএনডি/এমএ/ ১৯৩৩ ঘ.
bdnews24