সিলেট, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাফিজুর রহমান রাজুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষার্থীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও র্যালি করেছে শাবির শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম চতুর্থ বর্ষের ছাত্রী গাজী তাজরিন আফরা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমকে জানান, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান রাজুর মামলা প্রত্যাহার ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আটককৃত ছাত্রদের মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে একটি র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
গত আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনার রেশ ধরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ করার অভিযোগে দায়ের করা একটি মামলার একমাত্র আসামি রাজু সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
মোস্তাফিজুর রহমান রাজু বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং শাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগ এনে গত ৫ সেপ্টেম্বর সিলেট কোতয়ালি থানার উপপরিদর্শক শাহেদ উদ্দিন মামলাটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24