২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহসীন হলের ছাত্রদের মানব বন্ধন কর্মসূচি পালন

কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ছাত্ররা রোববার বিকালে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে । গত আগস্টের ছাত্র বিক্ষোভে আটক মুহসীন হলের ছাত্র রফিকুল ইসলাম সুজনের মুক্তির দাবিতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করে। সুজন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ছাত্ররা রোববার বিকালে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে । গত আগস্টের ছাত্র বিক্ষোভে আটক মুহসীন হলের ছাত্র রফিকুল ইসলাম সুজনের মুক্তির দাবিতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করে। সুজন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রোববার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত মুহসীন হলের বসুনিয়া তোরণ থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত এই কর্মসূচিতে মুহসীন হলের কয়েকশ' ছাত্র অংশ নেয়। সুজনের বাবা আবদুল হালীম শেখও হলের ছাত্রদের সঙ্গে মানব বন্ধনে যোগ দেন। হালীম শেখও তার বুকে 'সুজন তার মায়ের কোলে ফিরে যেতে চায়' লেখা একটি প্ল্যাকার্ড টাঙিয়ে রেখেছিলেন। পরে একটি মৌন মিছিল বসুনিয়া তোরণ থেকে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করে । এর মধ্যে ছিল আটক সকল শিক্ষক-ছাত্রের নিঃশর্ত মুক্তি, দায়ী সেনাসদস্যের বিচার, বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং সুজনের সুচিকিৎসার ব্যবস্থা করা। এর আগে দুপুর ৩টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে হলের বন্ধুরা দেখা করতে গেলে সুজন তার অসুস্থতার কথা জানায়। কথা বলার সময় তার কাশির সঙ্গে সামান্য রক্ত আসছিল বলে বন্ধুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়। গত বছরের আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষক এবং ১৫ জন শিক্ষার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/একেএম/এসকে/২১৫৬ঘ.