ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের একটি মামলায় দ্রুত রায় দেয়ার জন্য সরকার আবেদন করায় আদালত সোমবার রায় প্রদানের দিন ধার্য করেছে। শাহবাগ থানার এ মামলায় (৫৩ নম্বর) আদালত বৃহস্পতিবার রায়ের এই তারিখ ঘোষণা করেছে।
ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে এদিন পূর্বঘোষণা অনুযায়ী ক্যাম্পাসজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যকে তারা জানিয়েছে, শুক্রবারের মধ্যে শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একাংশ ভর্তি পরীক্ষা বর্জনের কর্মসূচি দেয়ায় উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, সব ডিন ও শিক্ষকদের সম্পৃক্ত করেই ভর্তি পরীক্ষাগুলো নেয়া হবে।
কারাবন্দি শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিন ও ড. নিমচন্দ্র ভৌমিক এবং শিক্ষার্থী মনিরুজ্জামান সরদার রুবেলকে সকালে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে আসা হয়।
গত বছরের ২৩ আগস্টে শাহবাগ থানায় দায়ের হওয়া ৫৩ নম্বর মামলায় ওই পাঁচজনকে মহানগর দ্রুত বিচার হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির করা হয়।
মামলাটির যুক্তিতর্কের শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাগফুর রহমান শেখ এ মামলার রায় দ্রুত দেওয়ার জন্য আদালতের কাছে লিখিত আবেদন করেন।
তিনি বলেন, "মামলাটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় সরকার মামলার রায় দ্রুত ঘোষণার জন্য আদালতের কাছে অনুরোধ জানাচ্ছে।"
এই আবেদনের ব্যাপারে আসামি পক্ষের কৌঁসুলি আব্দুল মান্নান খান প্রতিপক্ষকে প্রশ্ন করেন, "যুক্তি-তর্ক না শুনেই রায় দেওয়ার আবেদন করছেন আপনারা?"
জবাবে মাগফুর রাহমান বলেন, "বিষয়টি তা নয়। বরং যুক্তি-তর্ক ও শুনানি দ্রুত শেষ করে এ ব্যাপারে আদালতের রায় দেওয়ার জন্যই আবেদন জানানো হয়েছে।"
যুক্ততর্কে সরকারপক্ষে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে। তাদের শাস্তি হওয়া উচিত।
অন্যদিকে আসামিপক্ষে বলা হয়, যাদের এ মামলায় সাক্ষী করা হয়েছে তারা কেউ নিরপেক্ষ নন। ছাত্রদের ছোড়া ইটে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ করা হলেও তাদের কাউকে সাক্ষী করা হয়নি। এ কারণে সব অভিযুক্তই মামলার দায় থেকে খালাস পাওয়ার যোগ্য।
বুধবার এ মামলায় চার শিক্ষক ও এক শিক্ষার্থী নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করেন।
অপর দিকে একই ঘটনায় একই থানার অপর মামলাটিতে (মামলা নম্বর ৫৪) বৃহস্পতিবার সময়ের অভাবে যুক্তিতর্ক হয়নি। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী আগামি সোমবার যুক্তিতর্ক গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবারও দুই ঘণ্টার ক্লাস বর্জন করেছে।
সকালে একদল শিক্ষার্থী 'ছাত্রবন্ধু'র ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার আগের স্থানে এসে মিলিত হয়।
সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো প্রক্রিয়ায় শিক্ষক বা ছাত্রদের মুক্তি দেয়ার চেষ্টা হলে তা তারা মেনে নেবে না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ব্যাপারে সরকারকে সতর্ক করে দেয় তারা।
সমাবেশে একজন শিক্ষার্থী প্রশ্ন রাখেন, "বারবার সরকারের বিভিন্ন উপদেষ্টা আইনি প্রক্রিয়ার কথা বলছেন। কিন্তু যে মামলাগুলোর অভিযোগপত্র দেয় হয়নি সেগুলোর বিচার আপনারা কীভাবে করবেন।"
অপর এক শিক্ষার্থী সরকারের উদ্দেশ্যে বলেন, "রাষ্ট্রপক্ষ যেহেতু সবগুলো মামলার বাদী, সেহেতু যে কোনো সময় এগুলো প্রত্যাহার করা যায়। কিন্তু তা না করে আপনারা এ আন্দোলনকে অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।"
বেলা ১২টার দিকে 'নির্যাতন বিরোধী' শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে সরকারি বাংলা কলেজের ৩০/৩৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানায়। শিক্ষার্থীদের এ সময় ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তির দাবি লেখা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে।
নীল ও গোলাপী দলের শিক্ষকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন কলাভবনে ছাদে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
দুপুর আড়াইটায় 'নির্যাতনবিরোধী' শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করে তাদের কর্মসূচির ব্যাপারে তাকে অবহিত করে। তারা উপাচার্যকে জানায়, শুক্রবার তাদের দেওয়া আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীরা উপাচার্যকে জানায়, তারা মামলা প্রত্যাহারের ওপরই সবসময় জোর দিয়ে আসছে। কারণ আইনি প্রক্রিয়ার বিষয়টির সমাধান করতে গেলে অনেক সময় লাগবে। ছাত্রছাত্রীরা চায়, কারাবন্দি শিক্ষক-ছাত্ররা দ্রুত মুক্তি পাক।
বৈঠক শেষে এস এম এ ফায়েজ সাংবাদিকদের বলেন, "শিক্ষার পরিবেশ নষ্ট না করে সরকারকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন।"
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিনের অনুরোধের কথা বিবেচনার অনুরোধ জানিয়ে তিনি শিক্ষার্থীদের বলেন, "বিশৃঙ্খলা সৃষ্টি না করে ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিকে জয়যুক্ত করতে হবে।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ভর্তি পরীক্ষা বর্জনের কর্মসূচি দেয়ায় উপাচার্য বলেন, "সব ডিনদের উপস্থিতি এবং শিক্ষকদের সহযোগিতায় সবাইকে সম্পৃক্ত করেই ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
এর আগে বুধবার কারাবন্দি শিক্ষক-ছাত্রদের নিঃশর্ত মুক্তির দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা করে শিক্ষকদের একাংশ। এতে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার কথাও বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিবি/বিআর/টিএইচ/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24