২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র শিক্ষকদের মুক্তি দিতে সরকারি উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় চার শিক্ষক এবং ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় করা জরুরি আইন ভঙ্গের মামলায় দ্রুত রায় ঘোষণা করতে লিখিত আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনায় চার শিক্ষক এবং ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় করা জরুরি আইন ভঙ্গের মামলায় দ্রুত রায় ঘোষণা করতে লিখিত আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর ও দ্রুতবিচার হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে মহানগর অতিরিক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর মাগফুর রহমান শেখ এ আবেদন করেন। আবেদন দাখিল করে তিনি আদালতকে বলেন, "মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তাই দ্রুত রায় ঘোষণার জন্য রাষ্ট্রপক্ষ থেকে এ আবেদন করা হল।" এ সময় আসামীপক্ষের আইনজীবীরা বলেন, "আপনারা কি যুক্তিতর্ক শুনানির আগেই রায় ঘোষণার আবেদন করছেন?" এ পর্যায়ে সরকারি কৌঁসুলি বলেন, "ঠিক তা নয়। আপনারা যাতে তাড়াতাড়ি যুক্তিতর্ক শেষ করতে পারেন এবং আদালত দ্রুত এ মামলার রায় দিতে পারেন এ জন্যেই এ আবেদন করা হয়েছে।" আসামীপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মামলার এ পর্যায়ে এ রকম আবেদন রাষ্ট্রপক্ষ করতে পারে না। তারা বলেন, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটরের দাখিল করা এ আবেদনের সঙ্গে মামলার রায় দ্রুত ঘোষণা অথবা মামলা প্রত্যাহারের কোন সরকারি বা নির্বাহী আদেশ সংযুক্ত করা হয়নি। যুক্তিতর্ক শুনানিতে ড. আনোয়ার হোসেনের আইনজীবী আব্দুল মান্নান খান শিক্ষকদের মাফ করা সংক্রান্ত দুই উপদেষ্টার মন্তব্যকে আদালত অবমাননাকর বলে দাবি করেন। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত ঘোষণার আগেই এ ব্যাপারে দুই উপদেষ্টার কথা বলার আইনগত এখতিয়ার নেই। মামলায় খালাসের রায় দিতে পারেন শুধুমাত্র হাকিম। হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে আত্মপক্ষ সমর্থন করে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য রাখেন। ২০০৭ সালের ২১ ও ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সংঘর্ষের পর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। বিক্ষোভের ঘটনায় দায়ের করা অপর মামলায় হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতেও বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানির দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএনএ/১৫৩২ ঘ.