২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাজেয় বাংলাকে প্রতীকী কারাগারে 'বন্দি'

অপরাজেয় বাংলা ভাস্কর্যকে প্রতীকী কারাগারের ভেতর আটকে রেখে শিক্ষক ও ছাত্রদের বন্দিদশার রূপক বর্ণনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মুক্তির দাবিতে বুধবার ছাত্রছাত্রীরা এই প্রতীকী প্রতিবাদের পাশাপাশি আগের দিনের মতো ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাশ বর্জন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাজেয় বাংলা ভাস্কর্যকে প্রতীকী কারাগারের ভেতর আটকে রেখে শিক্ষক ও ছাত্রদের বন্দিদশার রূপক বর্ণনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের মুক্তির দাবিতে বুধবার ছাত্রছাত্রীরা এই প্রতীকী প্রতিবাদের পাশাপাশি আগের দিনের মতো ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাশ বর্জন করে। এদিন তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করে মিরপুর সরকারি বাংলা কলেজের কয়েকজন শিক্ষার্থী। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল নিয়ে অপরাজেয় বাংলার চারপাশে জমায়েত হয়। অপরাজেয় বাংলাকে ঘেরাটোপে আটকে এই 'বন্দি' অবস্থাকে তারা ন্যায়-নীতি, স্বায়ত্ত্বশাসন ও অধিকারবোধের বন্দিত্বের রূপক হিসেবে উপস্থাপন করেন। 'নির্যাতন বিরোধী' ব্যানারের এই ছাত্ররা বৃহস্পতিবার দিনব্যাপী ক্লাশ বর্জন কর্মসূচিও পূনর্ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা জানান, যতদিন ছাত্র-শিক্ষকদের মুক্তি দেওয়া না হবে, ততদিন অপরাজেয় বাংলার ভাস্কর্য 'বন্দি' থাকবে। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদী গান গেয়ে ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবি জানায়। দুপুর সাড়ে ১২টায় বাংলা কলেজের আট শিক্ষার্থী চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা জানান, আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় বাংলা কলেজের চার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। কারাগারে আটক আছেন হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র ইন্দ্রজিৎ সাহা সাগর। সারাদেশের আটক সব ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন ওই ছাত্ররা। এদিকে সকাল সোয়া এগারোটায় ৫০ জন শিক্ষার্থীর একটি দল 'ছাত্রবন্ধু' ব্যানারে ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানব বন্ধন করে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলা বিভাগের অধ্যাপক নুরুর রহমান খান। একই দাবিতে কার্জন হলের শিক্ষার্থীরা দুপুর ১২টায় কার্জন হলে আরেকটি মানব বন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২০০২ ঘ.