সিলেট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দাবিতে বুধবার কালোব্যাজ ধারণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক।
'মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ' ব্যানারে প্রগতিশীল শিক্ষকরা কালোব্যাজ পরে ক্লাস নেন। এছাড়া আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তাফিজুর রহমান রাজুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
শিক্ষকদের ওই ফোরামের আহ্বায়ক অধ্যাপক সুশান্ত কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এবং শাবি ছাত্র রাজুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসসূচি পালন করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন তাদের রয়েছে বলে অধ্যাপক সুশান্ত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24