২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের মুক্তি দাবিতে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন-মৌন মিছিল

সাজাপ্রাপ্ত ১০ ছাত্র ও এক কর্মচারীর মুক্তি দাবিতে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন ও মৌনমিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 08:36 AM

Updated : 26 Aug 2022, 01:13 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত ১০ ছাত্র ও এক কর্মচারীর মুক্তি দাবিতে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন ও মৌনমিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত 'অহিংস-অসহযোগ আন্দোলন' কর্মসূূচির প্রথম দিনে এ মানববন্ধন হয়। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করবে। সাজাপ্রাপ্তদের মুক্তি অথবা মুক্তির জন্য সরকারের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সহস্রাধিক শিক্ষার্থী মুখে কালো কাপড় বেঁধে হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। বেশ কয়েকজন শিক্ষকও এতে অংশ নেন। এরপর সাড়ে ১২টার দিকে একই স্থান থেকে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থী আরিফ রেজা মাহমুদ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন, বিশ্ববিদ্যালয়ের সব ভবনে কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারণ করে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে গণর‌্যালির কর্মসূচি ঘোষণা করেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদী আল্পনাও এঁকেছে শিক্ষার্থীরা। আগস্টের ছাত্র বিক্ষোভের মামলায় জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও এক কর্মচারীকে গত ডিসেম্বরে তিন বছর করে সাজা দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিল করেছেন শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩১ ঘ.