রাজশাহী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি বিধিমালা লঙ্ঘনের দায়ে সাজাপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী নিু আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
মঙ্গলবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে ১০ শিক্ষার্থীর পক্ষে আপিল আবেদন করা হয়। বিচারক এ আর মাছউদ ওই আবেদন আমলে নিয়ে নিম্ন আদালত থেকে মামলার নথি তলবের আদেশ দিয়েছেন। বুধবার আপিল শুনানির দিনও ধার্য করেছেন তিনি।
শিক্ষার্থীদের আইনজীবী আব্দুস সালাম, তাজুল ইসলাম ফারুক, ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হওয়ায় তারা আপিল করেছেন।
আপিল আবেদনকারী শিক্ষার্থীরা হলেন, আয়েন উদ্দিন, দীপায়ন সরকার দীপ, হাফিজ উদ্দিন কামাল, সাখাওয়াত হোসেন, কাজী আবদুল লতিফ, শামীম আহমেদ, ফকরুল ইসলাম, সরকার আয়াজ, মিজানুর রহমান মিঠু ও আবু সায়েম।
তারা সবাই এখন রাজশাহী কারাগারে রয়েছেন।
আগস্টের ছাত্র বিক্ষোভের সময় রাবি ক্যাম্পাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় গত ১২ ডিসেম্বর আদালত এ ১০ শিক্ষার্থী এবং কর্মচারী আতাউর রহমানকে তিন বছর করে সাজা দেয়। রায়ে অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে খালাস দেওয়া হয়।
রায়ের সময় ১০ শিক্ষার্থীই পলাতক ছিলেন। গত ৬ জানুয়ারি ছাত্র ইউনিয়ন নেতা আবু সায়েম আদালতে আত্মসমর্পণ করেন। ছাত্রলীগ নেতা আয়েনউদ্দিনসহ অপর নয় শিক্ষার্থী আত্মসমর্পণ করেন পরদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৪৩ ঘ.
bdnews24