জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি হলে রোববার দুপুরে তল্লাশি চালিয়েছে পুলিশ। ক্যাম্পাসে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের দু'দিন পর এই তল্লাশি চালানো হলো। তবে অভিযানে কাউকে আটক বা কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক নুরুল হক দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় শনিবার কমিটি পুনর্বিন্যস্ত করা হয়। অধ্যাপক মির্জা মফিজ উদ্দিনকে নতুন আহ্বায়ক করা হয়েছে। তবে তিন সদস্যের কমিটি রোববারও কাজ শুরু করেনি।
রোববার দুপুর ২টার দিকে মাওলানা ভাসানী ও কামালউদ্দিন হলে তল্লাশি চালায় পুলিশ। সাভার সার্কেল এএসপি মতিউর রহমানের নেতৃত্বে ভাসানী হলের ১০টি কক্ষে এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের নেতৃত্বে কামালউদ্দিন হলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনির কক্ষসহ ১০টি রুমে তল্লাশি চালানো হয়।
কক্ষগুলো থেকে কয়েকটি লাঠি ছাড়া কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। অভিযানের সময় হল প্রশাসন পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ওসি কামরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়েছে।
এদিকে, রোববার এক ছাত্রলীগ কর্মী পরীক্ষা দিতে যাওয়ার সময় সমাজবিজ্ঞান চত্বরে ছাত্রদল কর্মীরা অবস্থান নিলে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদল কর্মীরা এ সময় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পুলকসহ কয়েকজনকে ধাওয়া করে। পরে পুলিশ ছাত্রদল কর্মীদের সরিয়ে দেয়।
ক্যাম্পাসে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১০৪ ঘ.
bdnews24