ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাবির ৪ শিক্ষক ও ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে এক মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এক উপ-পরিদর্শক রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুতবিচার আদালতের হাকিম মো. গোলাম রাব্বানীর এজলাসে আদালতে সাক্ষী হিসাবে জবানবন্দী দিয়েছেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আসামী পক্ষের আইনজীবীরা এসময় তাকে জেরা করেননি।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামকে জেরা করার জন্য আসামী পক্ষের আইনজীবীরা প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি হাতে পাননি বলে সময় চান। হাকিম সময় আবেদন মঞ্জুর করে সোমবার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য দিন ধার্য করেন।
সাক্ষ্য শুনানিতে ঢাবি'র ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. নিমচন্দ্র ভৌমিকের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান মামলার সাক্ষ্য গ্রহণে অনিয়মের প্রশ্ন তোলেন। হাকিমের কাছে তিনি বলেন, "জরুরি ক্ষমতা বিধিমালার এ মামলায় এই আইন অনুযায়ী শুধুমাত্র সরকারি তদন্ত সংস্থা বা সরকারি কর্তৃপক্ষের ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড বা ক্যামেরায় ধারণ করা ছবির সাক্ষ্য মূল্য রয়েছে এবং শুধুমাত্র সেগুলোই রাষ্ট্রপক্ষে মামলার সমর্থনে ব্যবহার করা যাবে।"
কিন্তু এ মামলাটিতে বেসরকারি টেলিভিশনের চিত্রগ্রাহকদের ধারণ করা ঐ ঘটনার ভিডিও ফুটেজ সাক্ষ্য গ্রহণের সময় রাষ্ট্রপক্ষ ব্যবহার করেছে যা বেআইনী।"
রাষ্ট্রপক্ষে কোর্ট পরিদর্শক মিজানুর রহমান, উপ পরিদর্শক আলী আকবর ও মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাগফুর রহমান শেখ এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, "যেহেতু তদন্ত কর্মকর্তা একজন সরকারি ব্যক্তি সেহেতু তিনি তদন্তের স্বার্থে নিজ হাতে মামলার আলামত হিসাবে ঐ জিনিসগুলো জব্দ করেছেন। তাই রাষ্ট্রপক্ষে সাক্ষীর সমর্থনে এসব ব্যবহার করলে তা বেআইনীও হবে না।"
বিচার পর্যবেক্ষণ করতে মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্বাস ফয়েজ আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে একই অভিযুক্তদের বিরুদ্ধে একই ঘটনার ওপর শাহবাগ থানার অপর মামলায় সোমবারই অপর মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতেও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
রোববার সকাল ১১টায় কারাবন্দী ৪ শিক্ষক ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ, ড. সদরুল আমিন, ড. নিমচন্দ্র ভৌমিক ও শিক্ষার্থী মনিরুজ্জামান সরদার রুবেলকে আদালতে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৭০৩ঘ.
bdnews24