ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা স্থগিত করায় শুক্রবার রাতে ঢাকা কলেজের ছাত্ররা বিক্ষোভ করেছে।
বিক্ষুব্ধ ছাত্ররা রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল করলে মিরপুর সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশের সঙ্গে মৃদু ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার ছাত্র সামান্য আহত হয়। ঘণ্টাখানেক পর মিছিল শেষে ছাত্ররা হলে ফিরে যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এক ঘোষণার মাধ্যমে শনি ও রোববার অনুষ্ঠেয় অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষাটি স্থগিত করে দেয়। এর আগে গত ১১ নভেম্বর প্রশ্নপত্র ফাঁস হওয়ায় একই বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছিল।
বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের ছাত্র কেএম জিয়াউর রহমান রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতীয়বারের মতো পরীক্ষা স্থগিতের খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে প্রায় তিনশ ছাত্র মিছিল করে কলেজ থেকে বের হয়। এ সময় কলেজ সংলগ্ন চন্দ্রিমা মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে পুলিশ ব্যারিকেড তুলে নিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ইডেন কলেজের সামনে দিয়ে আজিমপুর মোড় ঘুরে আবার ঢাকা কলেজে এসে মিছিল শেষ করে। মিছিলের সময় ছাত্ররা নীলক্ষেত মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
রাজু আরো জানান, ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় রাকিব, জুয়েল, রানা ও মির্জা ইমরান নামের চার ছাত্র সামন্য আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টেলিভিশনে পরীক্ষা পেছানোর খবর জানতে পেরে কিছু ছাত্র রাস্তায় নেমে আসে। আমরা শুধু তাদের নিয়ন্ত্রণ করেছি। তারা কর্মসূচি শেষ করে আবার নিজ নিজ হলে ফিরে গেছে। এ সময় ভাঙচুরের আশঙ্কায় মিরপুর রোডের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল আবার শুরু হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/ জিএমএ/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24