২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রলীগ- ছাত্রদল সংঘর্ষে আহত ৩০, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নিয়ন্ত্রণে রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে একজন শিক্ষক, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল নিয়ন্ত্রণে রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে একজন শিক্ষক, ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ৩০জন আহত হয়েছেন। বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় বুধবার অধ্যাপক শরিফুল হুদাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অপর দুই সদস্য হলেন, মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষক মো. ইমদাদুল হক ও ড. অনিরুদ্ধ কাহালী। হল দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা চলছিল। বুধবার রাতে মীর মশাররফ হোসেন (এম এইচ) হল ও ভাসানী হলে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হলেও। এ সময় ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজসহ দু পক্ষের ১০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষ থামাতে এসে ছাত্রদল কর্মীদের হামলায় আহত হন এম এইচ হলের প্রভোস্ট ড. সোহেল রানা। বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে ট্রান্সপোর্ট এলাকায় জড়ো হয়। এক পর্যায়ে প্রশাসনিক ভবন এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক মো. আনিসুর রহমান লিংকনসহ আরও ১৫ জন। ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালিয়ে এম এইচ, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কামালউদ্দিন হল দখল করে নেন। এ সময় তারা কমপক্ষে ৫০টি রুম ভাঙচুর করে। পরে ছাত্রলীগ কামালউদ্দিন হল আবার দখল করে নেয়। এ সময় আরেক দফা সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনিসহ পাঁচজন আহত হন। সন্ধ্যায় পুলিশ ক্যাম্পাসে ঢুকে ধাওয়া দিলে ও লাঠিপেটা শুরু করলে দুপক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। রাত ৯ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস পরিস্থিতি থমথমে। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রক্টর অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন একজন সহ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য একটি মহল তৎপরতা শুরু করেছে। সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে বললে তারা ব্যবস্থা নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.