রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডিজিএফআই এর গাড়ি পোড়ানো মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর মুক্তি চেয়ে মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন তাদের অভিভাবকরা। মঙ্গলবার তারা রাষ্ট্রপতি বরাবর পৃথক আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেন।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা জানান, বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তাদের আশ্বস্ত করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন অভিভাবকদের সঙ্গে সাক্ষাত ও তাদের আবেদনপত্র প্রাপ্তির সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ কমিটির সুপারিশ নেওয়ার পর তিনি সুপারিশ করবেন এবং আবেদনপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।
তিনি জানান, শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক শওকত আলীর গাড়ি পোড়ানোর ঘটনায় ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ১৪ জনকে আসামি করে মতিহার থানায় একটি মামলা হয়।
১২ ডিসেম্বর রাজশাহীর অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম রুহুল আমিন এই মামলার রায় দেন। রায়ে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান সজল ও অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু এবং জনসংযোগ দপ্তরের উপপ্রধান তথ্যকর্মকর্তা সাদেকুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকীর গাড়ি চালক আতাউর রহমান আতা ও ১০ শিক্ষার্থীকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার নয় শিক্ষার্থী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে রোববার আত্মসমর্পণ করেন অপর এক শিক্ষার্থী। দণ্ডাদেশপ্রাপ্ত সবাই বর্তমানে কারাগারে আছেন।
উপাচার্যের কাছে আবেদনপত্র জমা দেওয়ার পর শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষার্থী এসএম ফখরুল ইসলামের বাবা শাহ মোহাম্মদ ইব্রাহীম বলেন, "আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি। তবে আমি আশা করি মহামান্য রাষ্ট্রপতি মানবিক দিক বিবেচনা করে এবং আমাদের সন্তানদের শিক্ষা জীবন যেন ব্যহত না হয় সেদিকে খেয়াল রেখে তিনি এদের সাধারণ ক্ষমা করবেন।"
আজিম বিন কামাল উজ্জ্বলের বোন আয়েশা সিদ্দিকা শিমুল বলেন, "আমরা এখন রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার প্রত্যাশা করছি।"
তার ভাই আদালতে আত্মসমর্পণ করার পর পরিবারের সদস্যরা ভেঙ্গে পড়েছেন বলে তিনি জানান।
শামীম আহমেদের ভগ্নিপতি মঈনুল হোসেন বলেন, "আদালত দণ্ড দেওয়ার পর আমাদের সন্তান-স্বজনদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।"
তিনিও রাষ্ট্রপতির কাছে সবার নিঃশর্ত মুক্তির আবেদন জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন মুন বলেন, "শিক্ষকরা যেভাবে মুক্তি পেয়েছেন ছাত্রদেরকেও মহামান্য রাষ্ট্রপতি সেভাবে মুক্তি দেবেন বলে আমি আশা করছি।"
তিনি আদালতে আত্মসমর্পণ করা শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের নিঃশর্ত মুক্তি চান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও এমফিল গবেষক আয়েন উদ্দিনের বড় বোন রেহেনা পারভীন, দ্বীপায়ন সরকার দ্বীপের বাবার সুভাষ সরকার, কাজী আবদুল লতিফের ভাই সাইদুল ইসলাম, মিজানুর রহমান মিঠুর মা লাইলা আনজুমান বানু ও চাচা অধ্যাপক শওকত আলী, সাখাওয়াত হোসেনের বাবা আবদুস সোবহান মিয়া, শামীম আহমেদের বড় ভাই আবু মুসা।
তারা শিক্ষার্থীদের নির্দোষ বলে দাবি করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল আছেন উল্লেখ করে তারা রাবির চার শিক্ষকের মত মানবিক দিক বিবেচনা করে ১০ শিক্ষার্থীকে মুক্তি দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৫ ঘ.
bdnews24