ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে এক দল শিক্ষক ও শিক্ষার্থীর কালোব্যাজ ধারণ করার মধ্য দিয়ে ২৪ দিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঈদ ও শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার খোলার প্রথম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এদিন বেশিরভাগ শিক্ষার্থী এবং আওয়ামী ও বামপন্থী নীল ও গোলাপী দলের শিক্ষকদের কালোব্যাজ পরতে দেখা যায়। তবে এটা শিক্ষক সমিতির কর্মসূুচি নয় বলে জানিয়েছেন সমিতির নেতারা। বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকদের কালোব্যাজ পরতে দেখা যায়নি।
কালোব্যাজ ধারণকারী অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি নির্দিষ্ট পটভূমিতে শিক্ষকদের এ কর্মসূচি চলছে। শিক্ষক সমিতির সভায় সব শিক্ষকরাই এ কর্মসূচির বিষয়ে সহমত পোষণ করেছিলেন। ছাত্র-শিক্ষক মুক্তির দাবিতে ঈদের আগে এ কর্মসূচি দেওয়া হয়। আজ (মঙ্গলবার) আগের কর্মসূচিকে পুনরুজ্জীবিত করা হলো।"
তিনি জানান, বুধবার তারা অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মৌন অবস্থান কর্মসূচি পালন করবেন।
গত ৩০ ডিসেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভার প্রস্তাব অনুযায়ী 'কালোব্যাজ ধারণ' কর্মসূচি পালন করা হচ্ছে বলে নীল ও গোলাপী দলের শিক্ষকরা দাবি করেছেন।
তবে এটি শিক্ষক সমিতির কর্মসূচি নয় দাবি করে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, "কিছু শিক্ষক দলীয় প্রেক্ষাপটে এ কর্মসূুচি পালন করছে।"
কালোব্যাজ ধারণকারী গণ যোগাযোগ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, "কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির জন্য ছাত্র-শিক্ষকরা এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। আমি এর সঙ্গে সহমত জানাতে কালোব্যাজ পরেছি।"
বেলা ১২টার দিকে কালোব্যাজধারী ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ক্যাম্পাসে মৌন মিছিলও করে।
কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে এর আগে সোমবার সাদা দলের শিক্ষকরা উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের কাছে স্মারকলিপি দেন।
তবে সে স্মারকলিপিতে অভিযোগ করা হয়, "শিক্ষকদের বন্দিত্বকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে লিপ্ত।"
"রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ যেন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলতে না পারে, সে জন্য সজাগ দৃষ্টি রাখা আবশ্যক" বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
আগস্টের ছাত্র বিক্ষোভের সময় সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন শিক্ষক এবং ১৫ জন শিক্ষার্থী বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এমআই/১৩১৬ ঘ.
bdnews24