২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র- শিক্ষকের মুক্তির দাবিতে সাদা দলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী ছাত্র -শিক্ষকদের মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজকে স্মারকলিপি দিয়েছেন। প্রায় ৫০ জন শিক্ষক উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী ছাত্র -শিক্ষকদের মুক্তির দাবিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজকে স্মারকলিপি দিয়েছেন। প্রায় ৫০ জন শিক্ষক উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি দেন। ছাত্র-শিক্ষকের মুক্তির দাবিতেই এ স্মারকলিপি দেওয়া হলেও দৃশ্যত এ লক্ষ্যে পরিচালিত আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এতে অভিযোগ করা হয়, "সন্মানিত শিক্ষকদের বন্দিত্বকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রয়াসে লিপ্ত।" "হীন রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে কেউ যেন কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে হুমকির মুখে ফেলতে না পারে, সে জন্য সজাগ দৃষ্টি রাখা আবশ্যক" বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এদিকে প্রায় দু'সপ্তাহ ঈদ ও শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এর সঙ্গে ছাত্র-শিক্ষক মুক্তির দাবিতে কর্মসূচিও আবার প্রাণ পাচ্ছে। মঙ্গলবারই 'নির্যাতনবিরোধী শিক্ষার্থীরা' কালো ব্যাজ ধারণ করবে। সাধারণ শিক্ষকরাও পালন করতে যাচ্ছেন অনুরূপ কর্মসূচি। একই দাবিতে বুধবার সকালে শিক্ষকরা অপরাজেয় বাংলায় একঘন্টার প্রতীকী অবস্থান ধর্মঘট পালন করবেন। শিক্ষক নেতা অধ্যাপক এমএম আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যতদিন ছাত্র -শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে, ততদিন তাদের আন্দোলন চলবে। বামপন্থী গোলাপী দলের শিক্ষক নেতা এমএম আকাশ বলেন, "গত ২০ ডিসেম্বর শিক্ষক সমিতির সভায় এ সব কর্মসূচিতে সাদা, নীল ও গোলাপী -সব দলের শিক্ষকরাই সমর্থন জানিয়েছেন। কাজেই এসব কোনো দলীয় কর্মসূচি নয়। এসব সকল সাধারণ শিক্ষকের কর্মসূচি।" গত বছরের আগস্টে সেনা সদস্যর হাতে একজন ছাত্র লাঞ্ছিত হওয়ার জের ধরে জরুরি অবস্থার ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস আন্দোলন গড়ে ওঠে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার জন শিক্ষক ও ১৫ জন ছাত্রকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/বিআর/২০৩৩ঘ.