২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র বিক্ষোভের মামলায় সাজাপ্রাপ্ত আরো ৯ রাবি শিক্ষার্থীর আত্মসমর্পণ

ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাজাপ্রাপ্ত আরো ৯ শিক্ষার্থী সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

রাজশাহী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলায় সাজাপ্রাপ্ত আরো ৯ শিক্ষার্থী সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এর একদিন আগেই সাজাপ্রাপ্ত আরেক শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে ১০ শিক্ষার্থীসহ ১১ জনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত অপর ব্যক্তি গাড়িচালক আতাউর রহমান আগে থেকেই কারাগারে রয়েছেন। সোমবার রাজশাহীর অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম আদালতে আত্মসমর্পণ করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ও রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দীন, ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র ও রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম বিন কামাল উজ্জ্বল, মার্কেটিং বিভাগের এমবিএ'র ছাত্র সরদার আয়াজ, চতুর্থ বর্ষের দ্বীপায়ন সরকার, মিজানুৃর রহমান মিঠু, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এস এম ফকরুল ইসলাম, শামীম আহম্মেদ ও সাখাওয়াত হোসেন এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের কাজী আব্দুল লতিফ। বিচারক রুহুল আমীন তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালতে রোববার আত্মসমর্পণ করেন ছাত্র ইউনিয়ন নেতা আবু সায়েম। আত্মসমর্পণের সময় সাজাপ্রাপ্তদের আত্মীয়-স্বজনসহ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আদালতে উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আসামিরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আদালতে আত্মসমর্পণ করেছে। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে। আদালত থেকে রাজশাহী কারাগারে নেওয়ার সময় ছাত্রলীগ নেতা আয়েন উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, ২২ আগস্ট গাড়ি পোড়ানোর সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। হয়রানির জন্য তাকে এ মামলায় জড়ানো হয়েছে। দ্বীপায়ন সরকার বলেন, "আমার অপরাধ সম্পর্কে আমি নিজেই জানি না। নতুন বছরে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তখন আমাকে কারাগারে যেতে হচ্ছে; এটা আমার জন্য দুর্ভাগ্যজনক।" ফখরুল ইসলামের বাবা মো. ইব্রাহীম দাবি করেন, ঘটনার সময় তার ছেলে রাজশাহীর বাইরে ছিলো। আজিম বিন কামালের বোন শিমুল উচ্চ আদালতে ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের রেশ ধরে গত ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় গুলিবিদ্ধ হয়ে এক রিকশাচালক নিহত হয়। ছাত্র বিক্ষোভের সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে গোয়েন্দা সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী বাদি হয়ে ২৩ আগস্ট মতিহার থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ১ সেপ্টেম্বর দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১২ ডিসেম্বর মামলা রায়ে ১০ শিক্ষার্থী ও আতাউর রহমানকে সাজা দেওয়া হয়। খালাস পান দুই অধ্যাপক সাব্বির সাত্তার তাপু ও সারোয়ার জাহান সজল এবং জনসংযোগ কর্মকর্তা সাদিকুল ইসলাম। ছাত্র বিক্ষোভের অপর মামলায় রাবির ছয় শিক্ষকই খালাস পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২১ ঘ.