২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষক সমিতির শোকসভা বর্জন করেছে 'প্রগতিশীল শিক্ষক সমাজ'

স্বাধীনতা বিরোধীর সঙ্গে কথাশিল্পী শিক্ষকের জন্য যৌথ শোকসভা আয়োজনের অভিযোগ এনে তা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'প্রগতিশীল শিক্ষক সমাজ'। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগও সেটি বর্জন করে আলাদা শোকসভা আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারী ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা বিরোধীর সঙ্গে কথাশিল্পী শিক্ষকের জন্য যৌথ শোকসভা আয়োজনের অভিযোগ এনে তা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'প্রগতিশীল শিক্ষক সমাজ'। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগও সেটি বর্জন করে আলাদা শোকসভা আয়োজন করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে শনিবার যৌথ শোকসভাটি হয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রেজাউল করিম রিজু ১৬ ডিসেম্বর রাতে মস্তিষ্কের রক্তক্ষরণে হাসপাতালে মারা যান। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, গত ৩ জানুয়ারি ভোরে বাংলা বিভাগের অধ্যাপক ও সাহিত্যক চৌধুরী জহুরুল হক হৃদরোগে মারা যান। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৩ জানুয়ারি এ দু'জন শিক্ষকের শোকসভা একসঙ্গে করার ঘোষণা দিলে শিক্ষকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া হয়। প্রগতিশীল শিক্ষক সমাজ সিদ্ধান্তের বিরোধিতা করে অঅলাদা সভা আয়োজনের দাবি জানায়। কিন্তু সমিতি তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখলে শিক্ষক সমাজ ও বাংলা বিভাগ শনিবার সকালের যৌথ শোকসভা বর্জন করে। শিক্ষক সমাজের আহ্বায়ক সহযোগী অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকসমিতির কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই যৌথ শোকসভা করা হয়েছে। এর দায় দায়িত্ব সভাপতি ও সাধারণ সম্পাদককেই নিতে হবে। কারণ, কোনোভাবেই একজন চিহ্নিত রাজাকারের সঙ্গে প্রগতিশীল মুক্তচিন্তার মানুষের শোকসভা হতে পারে না।" ১৯৭১ সালের জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রসংঘের মাগুরার সাধারণ সম্পাদক ও জেলার রাজাকার কমান্ডার ছিলেন রেজাউল করিম রিজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২২২৪ ঘ.