ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেয়াদোত্তীর্ণ পদে 'দলীয় দৃষ্টিভঙ্গি' বাদ দিয়ে নতুন নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষকরা। এছাড়া আটককৃত চার শিক্ষকের মুক্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে দেখা করে নীল দলের বেশ কয়েকজন শিক্ষক এ দাবি জানান। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সিন্ডিকেট সদস্য অধ্যাপক রহমতউল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অহিদুজ্জামান চান প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ পাঁচ বছর হল প্রভোস্ট, আবাসিক শিক্ষক, প্রক্টোরিয়াল বডি, সিন্ডিকেটসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজন নিয়োজিত ছিলো। বিভিন্ন পদের মেয়াদোত্তীর্ণ হলেও এখনও নিয়োগদেয়া হয়নি। তাই দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে যাতে উপযুক্ত লোককে নিয়োগ দেয়া হয় সে ব্যাপারে আহ্বান করা হয়েছে উপাচার্যকে।
এছাড়া কারাবন্দী চার শিক্ষকের মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানানোর অনুরোধ করা হয়েছে তাকে।
আরেফিন সিদ্দিক জানান, উপাচার্য জানিয়েছেন মঙ্গলবার সিন্ডিকেটে চার শিক্ষকের মুক্তির জন্য সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২০০৯ঘ.
bdnews24