নূরের সাফা ইস্কেন্দার অপু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫' সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের খরচ চালানোর ব্যাপারে আইনের কিছু অংশ সংশোধন করে বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ একটি খসড়া তৈরি করছে। সিন্ডিকেটে পাশ হওয়ার পর খসড়াটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সিরাজুল ইসলাম খান।
শনিবার তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিস্থিতির সঙ্গে সমন্বয়ের জন্য আইনটি সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা। খসড়াটি তৈরি হয়ে গেলে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।"
জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য ২০০৫ সালে জাতীয় সংসদে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন' পাশ করা হয়। ওই আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকে প্রথম ৫ বছর পর্যন্ত সরকার প্রতিষ্ঠানটির ব্যয় বহন করবে। পাঁচ বছর পর যাবতীয় কর্মকাণ্ড চলবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে।
উপাচার্য বলেন, "মাত্র ৫ বছর পার করে নিজস্ব অর্থায়নে চলা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এজন্যও বিশ্ববিদ্যালয়টির আইন সংস্কার জরুরি হয়ে পড়েছে।"
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের মধ্যে মাত্র একটি এখন কর্তৃপক্ষের হাতে আছে। বাকি ১২টিই বেদখল হয়ে গেছে। এতগুলো হল থাকার পরও আইনে বিশ্ববিদ্যালয়টিকে অনাবাসিক ঘোষণা করা হয়েছে। আইন সংশোধন করে এটাকে আবাসিক বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আসাদ বলেন, "শেরেবাংলা কলেজ ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল যেভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে জগন্নাথকে সেভাবে করা হয়নি। ডক্টরেট ডিগ্রি ও প্রথম শ্রেণী থাকার পরও এখানে অনেক শিক্ষককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া যাচ্ছে না আইনগত বাধার কারণে।"
তিনি আরো জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি থাকলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে বিধিনিষেধ থাকায় এখানে শিক্ষকদের স্বার্থে কোনো সমিতি করা যাচ্ছে না।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, "যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি শিক্ষাবর্ষে সাড়ে ৫ হাজার শিক্ষার্থী ভর্তি করা হয়, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বল্পপরিসরেও ভর্তি করা হচ্ছে ৩ হাজার শিক্ষার্থী। এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়।"
এদিকে ২০০৫ সালের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে প্রথম ৫ বছরে প্রতিষ্ঠনটির নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা ধরা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রখম দুই বছরে তাদের আয় হয়েছে মাত্র সোয়া দুই কোটি টাকা।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিরাজুল ইসলাম বলেন, "এখানে ভর্তি হওয়া প্রায় সব শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিুবিত্ত পরিবারের সন্তান। তাদের কাছ থেকে অতিরিক্ত হারে উন্নয়ন ফি নেওয়া যাচ্ছে না। তাই লক্ষ্য পূরণ হয়নি।"
তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভবিষ্যতে নিজস্ব তহবিল থেকে বিশ্ব
bdnews24