ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যায়ের বেদখল ও আত্মসাৎ হওয়া কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি উদ্ধারের তৎপর হয়েছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান তার কক্ষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব নিরীক্ষণের জন্য মহি-মহিদ-হক এন্ড কনসালটেশন নামের একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সম্পত্তির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য তিন মাস সময় পাবে। এ কাজের জন্য তাদের সঙ্গে ১৮ লাখ টাকার চুক্তি হয়েছে।"
ড. সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া ১২টি হল, খেলার মাঠ ও পুরোন ব্যাংক একাউন্টের পূর্ণাঙ্গ তথ্য কর্তৃপক্ষ পাওয়ার পরই সমস্ত সম্পত্তি উদ্ধারের আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫০ ঘ.
bdnews24