চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৬ তারিখ থেকে শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৭ অক্টোবর থেকে চবির ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি ফরম বিক্রি শুরু হবে।
ভর্তি কমিটির সদস্য ও আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের একটি শাখা ও চট্টগ্রাম নগরীর তিনটি শাখা ছাড়াও ঢাকার জাতীয় যাদুঘর ও বাংলা একাডেমির দুটি শাখায় ভর্তি ফরম ৬ ডিসেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। এ ফরম পূরণ করে ২৩ অক্টোবর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট কার্যালয়ে জমা দিতে হবে।
তিনি জানান, গতবারের মতো এবারও সবগুলো অনুষদ ও ইনস্টিটিউটটের ভর্তি পরীক্ষা একশ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে হবে।
ভর্তি কমিটি সূত্র জানায়, ৬ জানুয়ারি 'ঘ' ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এরপর ৭ ও ৮ জানুয়ারি 'গ' ইউনিটের অধীনে বাণিজ্য অনুষদের পরীক্ষা এবং ৯ জানুয়ারি 'ঙ' ইউনিটের অধীনে আইন অনুষদের পরীক্ষা হবে।
১০ জানুয়ারি কলা অনুষদের অধীনে 'খ' ইউনিটের এবং ১২ জানুয়ারি সকালে 'ক' ইউনিটের অধীনে ফিজিক্যাল সায়েন্স ও বিকেলে 'চ' ইউনিটের অধীনে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
১৩ জানুয়ারি সকালে 'জ' ইউনিটের অধীনে বাইলোজিক্যাল সায়েন্স ও বিকেলে 'ছ' ইউনিটের অধীনে সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের পরীক্ষা হবে।
এছাড়া, ১৪ জানুয়ারি 'খ' ইউনিটের অধীনে কলা অনুষদের আরবি, ফার্সি, প্রাচ্য ভাষা, ইসলামিক স্টাডিজ ও চারুকলা বিভাগে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২২০০ ঘ.
bdnews24