২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি ফরম বিতরণ এবং জমা নেওয়া হবে ৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি ফরম বিতরণ এবং জমা নেওয়া হবে ৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত। বুধবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ নভেম্বর "গ" ইউনিট, ৭ ডিসেম্বর "ক" ইউনিট, ২৮ ডিসেম্বর "খ" ইউনিট এবং ৪ জানুয়ারি "ঘ" ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, "ক" ইউনিট বা বিজ্ঞানের কোনো বিষয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি'র জিপিএ যোগ করে মোট ৭ দশমিক ৫ পয়েন্ট পেতে হবে। "খ" ইউনিট বা কলা ও সামাজিক বিজ্ঞানের কোনো বিষয়ে ভর্তির জন্য ৬ পয়েন্ট এবং "গ" ইউনিট বা ব্যবসায় শিক্ষার কোনো বিষয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের ৭ পয়েন্ট থাকতে হবে। গতবার "গ" ইউনিটে ভর্তির পয়েন্ট ছিল ৬ দশমিক ৫ পয়েন্ট। ফায়েজ জানান, 'ঘ' ইউনিটে এইচএসসিতে বিজ্ঞান থেকে আসা শিক্ষার্থীদের জন্য লাগবে ৭ দশমিক ৫ পয়েন্ট, ব্যবসায় শিক্ষা শাখা থেকে আসাদের জন্য ৭ পয়েন্ট এবং মানবিক থেকে আসা শিক্ষার্থীদের জন্য ৬ পয়েন্ট থাকতে হবে। "খ" ও "ঘ" ইউনিটের ফরম বিতরণ করা হবে টিএসসি'র জনতা ব্যাংক, "ক" ইউনিটের ফরম কার্জন হলের অগ্রণী ব্যাংক এবং "গ" ইউনিটের ফরম প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে বিতরণ করা হবে। সব ইউনিটের ফরম ওই অনুষদ কার্যালয়েই জমা নেওয়া হবে। প্রত্যেক ইউনিটের ভর্তি ফরমের মুল্য ২৫০ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএইচবি/২২৩৫ ঘ.