২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সহিংসতার ঘটনায় ১৩ মামলার অভিযোগপত্রে ৪ শিক্ষকসহ আসামি ৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ও ২২ আগস্ট সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তেরটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তের মামলার অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদসহ মোট ১২জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১ ও ২২ আগস্ট সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত তেরটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তের মামলার অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদসহ মোট ১২জনকে আটক করেছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ টেলিকম মিলনায়তনে পুলিশের 'ব্যক্তি উপাত্ত ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার' প্রশিক্ষণের উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি । তিনি জানান, ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ১৩টি মামলার চার্জশিট ও ৩৮টি মামলার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। অভিযোগপত্রে জরুরি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় ২ টি মামলা হয়। এ মামলা দুটির তদন্ত এখনো চলছে। কমিশনার বলেন,"এ মামলায় ৭/৮ জনকে আসামী করা হয়েছে। আসামীদের সনাক্ত করার কাজ চলছে।" এ ছাড়া ছাত্র বিক্ষোভের ঘটনায় কোনো "উস্কানিদাতা"বা অর্থের যোগানদাতাকে আসামী করা হয়েছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যাদের বিরুদ্ধে সাক্ষ্য- প্রমাণ পাওয়া গিয়েছে শুধু তাদেরকেই আসামি করা হয়েছে।" রোববার বিভিন্ন থানার মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্রগুলো দাখিল করেন। সংশ্লিষ্ট মহানগর হাকিমগণ আগামী ১৯ সেপ্টেম্বর অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেছেন। ওইদিন অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানী অনুষ্ঠিত হবে। তদন্তকারী কর্মকর্তারা ওই দুইদিনের ঘটনায় ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালসহ ৮১ হাজার ৯শ' ৭২ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান সেখানে দায়েরকৃত তিনটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। জরুরি বিধিমালায় দায়েরকৃত ৫৩ ও ৫৪ নম্বর মামলার প্রতিটিতে ১৯ জন করে আসামী রয়েছে। ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত ৬০ নম্বর মামলায় ১২ জন আসামী রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটককৃত শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন অর রশীদকে ৫৪ নম্বর মামলায় ও অপর দুই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিম চন্দ্র ভৌমিককে ৫৩ নম্বর মামলায় আসামী করা হয়েছে। ভাঙচুর মামলায় (৬০ নম্বর) কোনও শিক্ষককে আসামী করা হয়নি। এ তিন মামলায় চার শিক্ষকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকী ১৯ অভিযুক্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কামরুল ইসলাম কচি, ছাত্রদল নেত্রী তানজীম চৌধুরী লিলি, শাহীনূর নার্গিস, ছাত্রলীগ নেত্রী অপর্না রানী পাল, রিফাত হোসেন জিকু, নজরুল ইসলাম রাসেল, শামসুল কবীর রাহাত, মৃদুল কান্তি, আজিজ হাসান, রোকনুজ্জামান তালুকদার, মনিরুজ্জামান সরদার, আনোয়ার হোসেন ও কামরুজ্জামান। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এ থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেনাবাহিনীর গাড়ি পোড়ানো ও মারধরের অভিযোগে দায়েরকৃত পৃথক ২টি মামলার তদন্ত এখনও চলছে। এ মামলায় ৭/৮ জন আসামী রয়েছে। এদের সনাক্তকরণের কাজ চলছে। বাকী ৬টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি জানান, এখানে এক ব্যাক্তির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে ব্যক্তির সংখ্যা হয়েছে ২৩ জন। তিনি জানান, মামলার অভিযোগপত্রে জরুরি আইন লঙ্ঘন ও উস্কানী দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে প্রথম দিন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও দ্বিতীয় দিন থেকে উস্কানী দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। মতিঝিল থানার উপ--পরিদর্শক রুহুল আমিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মতিঝিল থানায় জরুরি বিধিমালায় দায়ের করা মামলায় চারজনকে আসামী করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামীরা হলো আসিফ, হারুন অর রশীদ, রোকন ও শামীম। মিরপুর থানার ভারপ্রাপ্ত উপ--পরিদর্শক হেলালউদ্দীন জানান, মিরপুর থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ের করা ২টি মামলার অভিযোগপত্রে চারজনকে আসামী করা হয়েছে। এরা হলো ইন্দ্রজিত সাহা ওরফে সাগর ওরফে আকাশ, লালন ফকির ওরফে জুয়েল রানা ওরফে লালন, ফরীদউদ্দীন ফরীদ ও ফায়েকুজ্জামান সবুজ। এছাড়া কোতয়ালী থানায় একটা মামলার অভিযোগপত্রে ২ জনকে আসামী করা হয়েছে। তারা হলো মাকসুদুর রহমান ও কাদের ওরফে মনির। এরা দুইজন ছাত্রলীগের নেতা। এই মামলার ৮ হাজার অজ্ঞাত আুুুসামীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ধানমণ্ডি থানায় দায়ের করা মামলাগুলোর মধ্যে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ মামলাগুলোতে ২জনকে আসামী করা হয়েছে। এরা হলো ছাত্রদল নেতা মোস্তফা জামান শিবলী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজন। গুলশান থানায় জরুরি বিধিমালায় দায়ের করা ২টি মামলায় তিনজনকে আসামী করা হয়েছে। এরা হলো ফাতেমা তুজ জোহরা, ছাত্রলীগ নেতা আহসান হাবীব ও ফরিদউদ্দীন। নিউমার্কেট থানায় জরুরি বিধিমালায় দায়ের করা ১টি মামলায় ২জনকে আসামী করা হয়েছে। এরা হলো দ্বীন মোহাম্মদ ও দেলোয়ার হোসেন। এছাড়া রমনা, সূত্রাপুর, মোহাম্মদপুর, পল্টন থানায় দায়ের করা মামলাগুলোর চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/পিবি/এমএ/১৯১৭ঘ.