ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলতে শুরু করেছে। ১৬ দিন বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্তে শনিবার খুলেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুক্রবার থেকে নতুন এ বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলবে রোববার। ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে। খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী মঙ্গলবার খোলার সিদ্ধান্ত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে রোববার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের জের ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক আন্দোলন ছড়িয়ে পড়লে ২৩ আগস্ট দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় একযোগে বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিভাগীয় শহরের কলেজগুলোসহ বেশ কয়েকটি জেলার কলেজ।
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরের যে কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, শনিবার থেকে সেগুলো পুনরায় খুলেছে।
গত ৩ সেপ্টেম্বর ২৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী। সেদিন উপদেষ্টা বলেন, "অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপাচার্যদের বলা হয়েছে।"
বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণে শনিবার বিকালে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। এর আগে সকালে ডিনস কমিটির বৈঠকে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তাব রাখা হয়। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সে প্রস্তাব অনুমোদন করা হয় বলে কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।
বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে পুরনো ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা হবে রোববার দুপুরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত হয়, আগামী বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। মঙ্গলবার থেকে ১১টি হল খুলে দেওয়া হবে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, শনিবার বিকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম হারুনুর রশীদ জানান, ১১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। এর আগেই ৯ সেপ্টেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
১৬ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো চলবে বলে প্রক্টর জানান।
নোয়াখালী প্রতিনিধি জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা ক্লাসে যোগ দিয়েছে। উপাচার্য অধ্যাপক আবুল খায়ের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক আছে।''
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ভালোভাবে চালাতে তিনি সব মহলের সহযোগিতা চেয়েছেন।
সিলেট প্রতিনিধি জানান, শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ায় শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তবে সংখ্যায় কম।
উপস্থিতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হওয়ার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার মাত্র দুদিন আগে। তাই গ্রেপ্তার আতঙ্কে উপস্থিতি কম।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান জানান, হল খুললেও মামলার কারণে অনেকে ভয়ে হলে উঠছে না। মেসে না থেকেও বন্ধুবান্ধবদের বাসাবাড়িতে উঠেছে।
রসায়ন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে আনন্দিত, তবে আর যেন কোনও সমস্যা না হয় তাই চাইছি।"
বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট ড. সাবিনা ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকাল ৩ টা পর্যন্ত ১২/১৩ জন ছাত্রী হলে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বিশ্ববিদ্যালয় খোলার পরে ছাত্র ছাত্রীদের ক্লাস পরীক্ষা শুরু হবে। আইনশৃংখলা সংক্রান্ত আর কোনও সমস্যা হবে না বলে আমি আশাবাদী।"
বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ছাত্র বিক্ষোভের ঘটনায় মামলা দায়েরের ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হল রোববার খুলবে। ক্লাস ও পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই সিলেটে আসতে শুরু করেছেন।
শনিবার সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজও খুলেছে।
এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক তাজিজুল ইসলাম জানান, শনিবার খুললেও রোববার থেকে ক্লাস শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এমআই/১৭০৫ ঘ.
bdnews24