ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের ঘটনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণার পর সরকারের ইতিবাচক সাড়া পেয়ে বিশ্ববিদ্যালয়গুলো আবার খুলতে শুরু করেছে।
শুক্রবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে ক্লাস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলবে রোববার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) খুলছে সোমবার। ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আগামী ২৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় খোলার দিনক্ষণ নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট সভা বসছে শনিবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা রোববার দুপুরে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরের যে কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, বৃহস্পতিবার এক সরকারি আদেশে শনিবার থেকে সেগুলো খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভের জের ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক আন্দোলন ছড়িয়ে পড়লে ২৩ আগস্ট দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় একযোগে বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিভাগীয় শহরের কলেজগুলোসহ বেশ কয়েকটি জেলার কলেজ।
এরপর গত ৩ সেপ্টেম্বর ২৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী। সেদিন উপদেষ্টা বলেন, "অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপাচার্যদের বলা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
bdnews24