খুলনা/শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলে দেওয়া হচ্ছে ৯ সেপ্টেম্বর। এর একদিন পরই খুলে দেওয়া হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বুধবার কুয়েট এর উপাচার্য অধ্যাপক নওশের আলী মোড়ল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর সঙ্গে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে পর সিন্ডিকেটের অনুমোদন নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
খুলনা প্রেসক্লাবে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খোলার আগে শুক্রবার ছাত্র-ছাত্রীদের আবাসিক হল খুলে দেওয়া হবে।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বুধবার সকালে সভা করে ১০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়।
উপাচার্য ড. এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সকাল ৯টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় ৮ সেপ্টেম্বর আবাসিক হলগুলো খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে ছিলেন, ড. শফিকুর রহমান চৌধুরী, ড. সাজেদুল করিম, ড. সাবিনা ইসলাম, ড. মুহাম্মদ ইউনূস, কোষাধ্যক্ষ সামছুল হুদা, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় খোলার পর বিভিন্ন সেমিস্টারের স্থগিত হয়ে যাওয়া টার্ম টেস্টসহ অন্য পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করা হবে।
উপাচার্য এম আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে শাবি পরিস্থিতি অনেকটা শান্ত। তাই সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
২২ আগস্ট বিকেলে সরকার এক আদেশে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ওই সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/এসএনডি/ ২০৩৫ ঘ.
bdnews24