ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া ক্যাডেট কলেজ শিক্ষার্থীদের ৮২ শতাংশ জিপিএ- ৫ পেয়েছে।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০টি ক্যাডেট কলেজের ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৪২২ জন। বাকি ৯৮ জন পেয়েছে জিপিএ- ৪।
সামরিক বাহিনী পরিচালিত এসব ক্যাডেট কলেজের মধ্যে ভালো ফলাফলের দিক থেকে শীর্ষে আছে কুমিল্লা ক্যাডেট কলেজ। সেখানকার ৯৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। এর পরেই আছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৯১ শতাংশ জিপিএ- ৫) ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৯০ শতাংশ জিপিএ- ৫)।
কুমিল্লা ক্যাডেট কলেজে ৫৫ জনের মধ্যে ৫৩ জন, ময়মনসিংহ গালর্স ক্যাডেট কলেজে ৫৯ জনের মধ্যে ৫৪ জন, ঝিনাইদহ ক্যাডেট কলেজে ৫৩ জনের মধ্যে ৪৮ জন, সিলেট ক্যাডেট কলেজে ৫০ জনের মধ্যে ৪৪ জন, রাজশাহী ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে ৪১ জন, রংপুর ক্যাডেট কলেজে ৪৯ জনের মধ্যে ৪০ জন, পাবনা ক্যাডেট কলেজে ৫২ জনের মধ্যে ৪০ জন, মির্জাপুর ক্যাডেট কলেজে ৫১ জনের মধ্যে ৩৮ জন, বরিশাল ক্যাডেট কলেজে ৫৩ জনের মধ্যে ৩৭ জন ও ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৭ জনের মধ্যে ২৭ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে।
দেশে এখন ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এর মধ্যে ফেনী ও জয়পুরহাট ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণী চালু হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসপি/এসএনডি/এমএইচবি/২১০০ ঘ.
bdnews24