ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রেইল পদ্ধতিতে লেখা ৭২টি বই নিয়ে ঢাকা বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রিসোর্স সেন্টার চালু হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এই সেন্টারের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা 'সাইট সেভারস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ'-এর সহায়তায় এই সেন্টার স্থাপন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ ও একটি ইন্সটিউটিটে বর্তমানে ৩৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগার অনেক বড় হলেও পূর্ণাঙ্গ ছিল না। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ সুযোগ দানের মাধ্যমে কিছুটা হলেও এ গ্রন্থাগার পূর্ণাঙ্গ হয়েছে।" তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বাদ দিয়ে কিছু করা যায় না।
সাইট সেভারস ইন্টারন্যাশনালের নির্বাহী প্রধান ড. ক্যারোলাইন হারপার বলেন, সেন্টারের ৭২টি বই, কম্পিউটার, ব্রেইল সিস্টেমের প্রিন্টার ও ক্যাসেট দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্য করবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাইট সেভারসের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. এম এনামুল কবির, দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের প্রধান ড. নাজমা কবির প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএইচবি/২০৩৭ ঘ.
bdnews24