ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ক্লাশে নেকাব পড়তে মানা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে মুরতাদ বা ধর্মত্যাগী ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আতঙ্কিত ওই শিক্ষক জানিয়েছেন, এঘটনার পর গোয়েন্দা পুলিশের পরামর্শে নিয়মিত ক্লাশ নিচ্ছেন না তিনি।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. এম অহিদুজ্জামান চাঁন বুধবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, মৌলবাদীদের ইন্ধনে একদল বহিরাগত ছাত্রছাত্রী তার জীবন বিপন্ন করে তুলেছে।
অহিদুজ্জামান বলেন, "আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মৌলবাদীরা ধর্মীয় অনুভূতি যেভাবে উস্কে দিয়েছে, তাতে আমি খুবই মর্মাহত।"
গত বৃহস্পতিবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এম অহিদুজ্জামান শ্রেণী কক্ষে প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বিনতে ফরহাদকে ক্লাশ চলার সময় নেকাব পরতে নিষেধ করেন।
এ ঘটনার পাঁচদিন পর সোমবার প্রায় ৫০ থেকে ৬০ জন বোরকা পরা বহিরাগত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছে 'ছাত্রমুক্তি' নামের একটি সংগঠনের প্রকাশিত লিফলেট বিতরণ এবং অহিদুজ্জামানের কথিত উক্তির প্রতিবাদে স্বাক্ষর সংগ্রহ করেন।
কয়েকজন শিক্ষার্থী কেন স্বাক্ষর নেওয়া হচ্ছে জানতে চাইলে এ নিয়ে বাগবিতণ্ডা হয়। বহিরাগতরা কয়েকজন শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে একটি লিফলেট ইনস্টিটিউটের পরিচালকের কাছে জমা দেন।
সংবাদ সম্মেলনে অহিদুজ্জামানের স্ত্রী এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জিনাত হুদা দাবি করেন, এ ঘটনার পর সমাজবিজ্ঞান বিভাগে এবং কার্জন হলে পদার্থ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু' ছাত্র লিফলেট বিলি করেন।
অহিদুজ্জামান জানান, গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে সন্ধ্যায় ক্লাশ না নেওয়ার জন্য অনুরোধ করায় তিনি নিয়মিত ক্লাশ নিচ্ছেন না। তার বাসা এবং ইনস্টিটিউটের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বিষয়টি নিয়ে তার সঙ্গে দেখা করে কথা বলেছেন।
এ ব্যাপারে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন ওই শিক্ষক।
ওই দিনের ঘটনার ব্যাপারে অহিদুজ্জামান বলেন, ক্লাসে শিক্ষার্থীদের চেনার সুবিধার্থে নেকাব পড়তে নিষেধ করেছেন তিনি।
তিনি বলেন, "ক্লাসে নেকাব পড়তে মানা করায় জামায়াতে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রাম ও হিজবুত তাহরীর এর মালিকানাধীন দৈনিক আল-ইহসান পত্রিকায় গত রোববারের প্রকাশিত প্রতিবেদনে আমার স্ত্রী ও আমাকে মুরতাদ ঘোষণা করা হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।"
অধ্যাপক অহিদুজ্জামান পত্রিকা দুটিতে প্রকাশিত প্রতিবেদন সাংবাদিকদের দেখান।
ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রমুক্তি নামের সংগঠনের প্রকাশিত লিফলেটে বলা হয়েছে, "হিজাব নিয়ে কটূক্তি নারী অধিকারের চরম অবমাননা। এর প্রতিবাদ করুন।" এতে বলা হয়, অহিদুজ্জামান হিজাব নিয়ে কটূক্তি করেছেন। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
অহিদুজ্জামান অবশ্য বলছেন, কটূক্তি করার কোনো অবকাশ নেই। কেননা তার মা ও বোন নেকাব পরেন।
ইনস্টিটিউটের পরিচালক ইকবাল আজিজ মুত্তাকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বিনতে ফরহাদএকটি দরখাস্ত দিয়ে জানান যে অধ্যাপক অহিদুজ্জামান হিজাব নিয়ে কিছু বলেননি। তিনি ক্লাসে নেকাব পড়তে নিষেধ করেছেন মাত্র।"
ছাত্রীটির দরখাস্তের একটি অনুলিপি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে আছে। তাতে ছাত্রীটি লিখেছেন, অহিদুজ্জামান হিজাব নিয়ে কটূক্তি করেননি।
এদিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, বেশ কয়েকজন ছাত্রী রুমে রুমে গিয়ে তাদের স্বাক্ষর সংগ্রহ নিয়েছেন। স্বাক্ষর সংগ্রহের কারণ হিসেবে তারা হলের শিক্ষার্থীদের বলেছেন, নেকাব পরায় ওই ছাত্রীকে খারাপ ব্যবহার করে অহিদুজ্জামান করে ক্লাশ থেকে বের করে দেন।
অহিদুজ্জামান উল্লেখিত সংবাদপত্র দুটিতে তাকে মুরতাদ ঘোষণা করে বড় বড় প্রতিবেদন ছাপা হয়েছে।
শিক্ষকের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সহকারি প্রক্টর মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, মুরতাদ ঘোষণা করার ব্যাপারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/এমএইবি/২০০০ ঘ.
bdnews24