ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ত্রাণ কমিটি শুক্রবার থেকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করবে। এছাড়া ত্রাণ কার্যক্রম পরিচালনার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠনের ১১ জনের নামে বিশ্ববিদ্যালয়ে স্থান বরাদ্দ করেছে কর্তৃপক্ষ।
বুধবার কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২ টি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ত্রাণ কার্যক্রমের জন্য প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট থেকে পাঁচ হাজার, হল তহবিল থেকে দশ হাজার এবং প্রতিটি অনুষদ পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কর্মকর্তা সমিতি, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি ও কারিগরি কর্মচারী সমিতি একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেয়।
ত্রাণ কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ত্রাণ তহবিলে ২০০৪ সালের সাড়ে দশ লাখ টাকা রয়েছে, এগুলোও এবার খরচ করা হবে।
শুকনো খাদ্য এবার ত্রাণ হিসাবে বিতরণের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে প্রক্টর বলেন, "বুধবার থেকে খাদ্য সামগ্রী কেনা শুরু হবে।"
এদিকে, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নামে গণচাঁদা সংগ্রহ কার্যক্রমের ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করলেও ত্রাণ কাজ পরিচালনার জন্য এসব সংগঠনের ১১ জনের নামে টিএসসি, ডাকসু ভবন ও সায়েন্স ক্যাফেটেরিয়াতে স্থান বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবারের ত্রাণ কমিটির সভায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের মুনীর চৌধুরী মিলনায়তন, গেমস ও সেমিনার কক্ষ, ডাকসুর চারটি কক্ষ এবং সায়েন্স ক্যাফেটেরিয়ার তিনটি কক্ষ তাদের নামে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্তরা হলেন- তানজিম উদ্দিন খান, সাইফুল ইসলাম ফিরোজ, জসিমউদ্দিন, মানবেন্দ্র দেব, মলয় চাকী, বাপ্পাদিত্য বসু, মাহফুজা খানম, মিলন কর, আবু তোয়াব, আবু সাঈদ ও লুভানা ফেরদৌস। অবশ্য এরা কেউ সংগঠনের নাম ব্যবহার করতে পারবেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/১৮৪১ ঘ.
bdnews24