২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ডাটাবেইজ হচ্ছে

সরকারি কলেজ ও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত পূর্ণাঙ্গ ডাটাবেইজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এটি শেষ হলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রশাসনিক কাজে গতি আসার পাশাপাশি নির্ভুলভাবে কাজ করা যাবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কলেজ ও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত পূর্ণাঙ্গ ডাটাবেইজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এটি শেষ হলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রশাসনিক কাজে গতি আসার পাশাপাশি নির্ভুলভাবে কাজ করা যাবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়। বিসিএস শিক্ষা ক্যাডারে এখন ১৩ হাজার ২১১ জন শিক্ষক ও কর্মকর্তা ২৫২টি সরকারি কলেজ, ১৪টি টিচার্স ট্রেনিং কলেজ, পাঁচটি মাধ্যমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ১৬টি কমার্শিয়াল কলেজ, তিনটি সরকারি মাদ্রাসা, আটটি শিক্ষাবোর্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ বিপুল জনবলের বদলি, পদায়ন, ছুটি, বিদেশ ভ্রমণ, পদোন্নতি, সিলেকশন গ্রেড, এলপিআর, পেনশন, লিয়েন, প্রেষণসহ প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেইসের তথ্যের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এ দুটি সংস্থার কাছেও পর্যাপ্ত ও সর্বশেষ তথ্য নেই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ডিএফআইডির অর্থায়নে এমএটিটি-২ কোর্সের অংশ হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শফিউল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি দল ২৯০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা দুটি ছকে ডাটাবেইজের জন্য তথ্য সংগ্রহ করেছেন। এতে ২৯০টি সরকারি প্রতিষ্ঠানের পূর্ণ তথ্য ছাড়াও শিক্ষকদের জীবনবৃত্তান্ত থাকবে। এরই মধ্যে ১২ হাজার ৭৮১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। বাকি ৪৭০ জন এখন বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, লিয়েন বা প্রেষণে কর্মরত আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/১৯৪৮ ঘ.