২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে অনিয়ম করে ভর্তি আরও ১৫ শিক্ষার্থী চিহ্নিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া আরও ১৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে সনাক্ত করেছে কর্তৃপক্ষ। ভর্তিতে অনিয়মের ঘটনা তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি বিভিন্ন সময়ে সাতটি অনুষদের ৫২টি বিভাগ ও আটটি ইনস্টিটিউটকে ভর্তি হওয়া শিক্ষার্থীর তালিকা দিতে বললেও এ পর্যন্ত মাত্র ২৭টি বিভাগ ও ইনস্টিটিউট পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে। বুধবার তথ্যানুসন্ধান কমিটির সভায় এ তালিকা থেকে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া ১৫ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া আরও ১৫ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে সনাক্ত করেছে কর্তৃপক্ষ। ভর্তিতে অনিয়মের ঘটনা তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি বিভিন্ন সময়ে সাতটি অনুষদের ৫২টি বিভাগ ও আটটি ইনস্টিটিউটকে ভর্তি হওয়া শিক্ষার্থীর তালিকা দিতে বললেও এ পর্যন্ত মাত্র ২৭টি বিভাগ ও ইনস্টিটিউট পূর্ণাঙ্গ তালিকা দিয়েছে। বুধবার তথ্যানুসন্ধান কমিটির সভায় এ তালিকা থেকে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া ১৫ শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়। তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিজ্ঞান অনুষদের চারজন, ম্যানেজমেন্ট বিভাগের পাঁচজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছয় শিক্ষার্থীর ভর্তিতে অনিয়ম হয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এদের বেশিরভাগই পুনঃভর্তির মাধ্যমে ভর্তি হয়েছে। তিনি আরও জানান, মার্কেটিং বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে ভর্তিতে অনিয়মের অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে কমিটি। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া ওই শিক্ষার্থীর সব কাগজপত্র ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সনদপত্রের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্ন বর্ষের ভর্তি কার্যক্রম চলছে। কোনো কোনো হলের ভর্তির সময়সীমা শেষও হয়েছে। কিন্তু অনিয়মের মাধ্যমে ভর্তি হয়েছে বলে কয়েক দফায় চিহ্নিত মোট ১৫৮শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭৭ জনের তালিকা পাঠানো হয়েছে ভর্তি শাখায়। এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক আফম ইউসুফ হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের তালিকা ভর্তি শাখায় পৌঁছাতে দেরি হলেও কোনো সমস্যা নেই। কারণ, প্রতিটি বিভাগ ও অনুষদে এ তালিকা পাঠানো হয়েছে। ফলে বিভিন্ন বর্ষে এসব শিক্ষার্থী ভর্তি হওয়ার চেষ্টা করলেও বিভাগগুলো নজর রাখতে পারবে। বিভাগগুলোর কাছ থেকে পাওয়া তালিকা দেখে অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া আরও কয়েক শিক্ষার্থীকে প্রাথমিকভাবে চিহ্নিত করে তদন্ত চলছে বলে তিনি স্বীকার করেন। তদন্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান জানান, "ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের তালিকা সব বিভাগ ও ইনস্টিটিটিউটে আমরা পাঠিয়েছি। ফলে বিভাগগুলো 'চেক অ্যান্ড ব্যালেন্স' করতে পারবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/২০৪৪ ঘ.